ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাঁপছে গোটা পৃথিবী। সেই উত্তাপ ছুঁয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনও। মোহাম্মদ আশরাফুল, হাবিবুল বাশার কিংবা শাহরিরার নাফিস, ব্যাট-বলের এই মানুষরাও এখন ডুবে আছেন ফুটবলের আবেগে। কেউ হলুদ জার্সির ব্রাজিল নিয়ে স্বপ্ন দেখছেন, কেউ আবার নীল-সাদা আর্জেন্টিনার জয়গান গাইছেন। বিশ্বকাপ ঘিরে সাবেক ক্রিকেটারদের মনেও বইছে আলাদা এক রোমাঞ্চ।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার। তিনিও ক্রিকেটের ব্যস্ততার মাঝেও ফুটবল বিশ্বকাপকে দেখছেন ভিন্ন এক আবেগ হিসেবে। সামনে অস্ট্রেলিয়া সিরিজ থাকলেও বিশ্বকাপের আকর্ষণ যে আলাদা, সেটাই মনে করিয়ে দিলেন তিনি। তিনি বলেন, “ওই সময় তো অস্ট্রেলিয়া সিরিজ আছে। সেটাতে অবশ্যই মনযোগ থাকবে। বাট ফুটবল বিশ্বকাপ নিয়ে তো সবসময় আলাদা আকর্ষণ থাকে। আমি ব্রাজিল সাপোর্টার, তবে আর্জেন্টিনাকে হেইট করি না। ব্রাজিল তো পাঁচ বারের বিশ্বকাপ জিতেছে।”
অন্যদিকে বাংলাদেশ দলের সাবেক ওপেনার শাহরিয়ার নাফিস দাঁড়িয়ে আছেন আর্জেন্টিনার পক্ষে। মেসিদের নিয়েই তার স্বপ্ন। তবে ব্রাজিলকে নিয়েও মজার ছলে খোঁচা দিতে ভুললেন না তিনি। নাফিস বলেন, “আমি আর্জেন্টিনার ফ্যান, আমি চাই আর্জেন্টিনা জিতুক। ব্রাজিলের ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো মনে হচ্ছে না। ব্রাজিলের ফ্যানদের দোয়া করতে হবে। তাদের দোয়ায় যদি সেই জোর থাকে তাহলে হেক্সা জিততেও পারে।”

ফুটবল বিশ্বকাপের জোয়ারে গা ভাসিয়েছেন মোহাম্মদ আশরাফুলও। ক্রিকেটই যার ধ্যানজ্ঞান, সেই আশরাফুলও বিশ্বকাপ এলেই মেতে ওঠেন ফুটবলের রঙে। প্রিয় দল লিওনেল মেসির আর্জেন্টিনা।
ফুটবল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে আশরাফুল বলেন, “আমি ফুটবল ওতো ফলো করি না, বিশ্বকাপের সময় ফলো করি। আর্জেন্টিনার সাপোর্টার আমি। খেলা বোঝার পর লাস্ট বিশ্বকাপেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তার আগে তো খালি হতাশ। আশা করব এইবারও তারা ভালো করবেন।”
এমনকি ফাইনালে নিজ দলের প্রতিপক্ষ হিসেবে দেখতে চান ব্রাজিলকে। তবে ফুটবলের চেয়েও ক্রিকেটই যে তার বড় আবেগ, সেটাও স্পষ্ট করে দিয়েছেন সাবেক এই ব্যাটার। আশরাফুল বলেন, “আমি আসলে ফুটবলের ওতো ফ্যান না। ক্রিকেট যদি বলেন সারারাত, সারারাত দেখব। আর্জেন্টিনার লাস্ট ফাইনাল একা একা দেখেছিলাম। আল্লাহর রহমত ছিল বলেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি।”

ক্রিকেট মাঠে যাদের দেখা গেছে প্রতিপক্ষকে চাপে ফেলতে, তারাই এখন ফুটবল বিশ্বকাপ নিয়ে মেতে উঠেছেন সমর্থকের ভূমিকায়। কেউ ব্রাজিলের হেক্সা চান, কেউ আবার আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছেন।
আর হাতে গোনা কিছুদিন পরই শুরু হবে বিশ্বকাপের মহারণ। তখন হয়তো ক্রিকেটের মানুষদের চোখেও দেখা যাবে ফুটবলের উন্মাদনা। কেউ প্রার্থনা করবেন ব্রাজিলের জন্য, কেউ আর্জেন্টিনার জন্য। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপের মঞ্চই বলে দেবে—কার মুখে ফুটবে শেষ হাসি।









