রোনালদোর অপূর্ণতা পূর্ণ করার সুযোগ

৪১ বছর বয়সে অবিশ্বাস্যভাবে তিনি আবারও বিশ্বমঞ্চে। এটিই তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। নিজের ক্যারিয়ারকে পূর্ণতা দিতে এটাই তাঁর চূড়ান্ত লড়াই।

মনে আছে গত বিশ্বকাপের সেই অশ্রুভেজা চোখের কথা? আল থুমামায় মরক্কোর কাছে হেরে বিদায়ের পর ফুটবল বিশ্ব ভেবেছিল, ক্রিশ্চিয়ানো রোনালদোর স্বপ্নযাত্রা বুঝি এখানেই শেষ। কিন্তু ৪১ বছর বয়সে অবিশ্বাস্যভাবে তিনি আবারও বিশ্বমঞ্চে। এটিই তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। নিজের ক্যারিয়ারকে পূর্ণতা দিতে এটাই তাঁর চূড়ান্ত লড়াই।

​কাতারের সেই তিক্ততা আর বিতর্ক এখন কেবল স্মৃতির ধূসর পাতায়। বর্তমান কোচ রবার্তো মার্টিনেজ রোনালদোর অভিজ্ঞতাতেই আস্থা রেখেছেন। সমালোচকদের প্রশ্ন – তারুণ্যের এই যুগে রোনালদো কি আদৌ পারবেন তাঁর পুরনো তেজ ফিরিয়ে আনতে? রোনালদো অবশ্য এসব যুক্তির ধার ধারেন না, তিনি ব্যস্ত নিজের লক্ষ্যভেদী প্রস্তুতির আবেশে।

​পর্তুগালের বর্তমান দলটা যেন তারুণ্য আর অভিজ্ঞতার এক অদ্ভুত মেলবন্ধন। মাঝমাঠে ব্রুনো ফার্নান্দেস কিংবা ভিতিনহার পায়ের জাদুতে মুগ্ধ ফুটবল বিশ্ব। আর রক্ষণভাগে রুবেন দিয়াস কিংবা নুনো মেন্ডেসের ইস্পাতকঠিন দেয়াল। এই ভারসাম্যপূর্ণ পর্তুগাল দলটার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে রোনালদো এখন কেবল একজন খেলোয়াড় নন, তিনি এক জীবন্ত প্রেরণা।

পাঁচটি বিশ্বকাপ খেললেও নকআউট পর্বে এখনো গোলের খাতা খুলতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘ ক্যারিয়ারে এটিই তাঁর বড় একটি আক্ষেপ। এর জন্যে প্রতিনিয়তই শুনতে হয়েছে অসংখ্য ট্রল ও সমালোচনার।

২০২৬ সালের এই আসরটি তাই তাঁর জন্য কেবল আরেকটি টুর্নামেন্ট নয়, এটি নিজের নামটা ইতিহাসের পাতায় অমর করে রাখার শেষ সুযোগ। রোনালদোর এই শেষ নাচ স্বাভাবিকভাবেই ফুটবল ইতিহাসের অন্যতম আবেগী মুহূর্ত হতে চলেছে।

নি:সন্দেহে এটিই রোনালদোর ক্যারিয়ারের সবচেয়ে শক্তিশালী পর্তুগাল দল। রোনালদো যদি নিজের মেধাকে এই তরুণদের ছন্দের সাথে মিলিয়ে নিতে পারেন, তবে পর্তুগালের স্বপ্ন জয়ের পথ অনেকটাই প্রশস্ত হবে।

এটি কেবল ট্রফি জয়ের লড়াই নয়। বরং একটি বর্ণিল ক্যারিয়ারের শেষ সূর্যাস্ত, যেখানে আলো আর ছায়ার মিশেলে তৈরি হবে এক অমর উপাখ্যান। হয়তো সেদিন গ্যালারিতে কান্নার রোল উঠবে অথবা বিধাতার আশীর্বাদে বেয়ে পড়বে আনন্দ অশ্রু। কিন্তু সেই চোখের জলে মিশে থাকবে এক অমর কিংবদন্তির প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link