শান্ত যখন গোয়েন্দা!

চাঁপাইনবাবগঞ্জের ছেলে নাহিদ রানা ক্রিকেট ক্যারিয়ার গড়ার জন্য রাজশাহীতে আসেন। ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমিতে নিজের পেস আর পরিশ্রম দিয়ে নজর কাড়েন তিনি। জাতীয় দলে আসার বহু আগেই তার সম্ভাবনা সম্পর্কে ধারণা ছিল বাংলাদেশের টেস্ট অধিনায়কের।

বাংলাদেশ ক্রিকেটে নাজমুল হোসেন শান্তকে সাধারণত মূল্যায়ন করা হয় তার ব্যাটিং, অধিনায়কত্ব কিংবা মাঠের সিদ্ধান্তের জন্য। তবে একজন দলনেতা হিসেবে তার আরেকটি দিক সামনে এসেছে প্রথম আলোর সাম্প্রতিক পডকাস্টে, যেখানে আলোচনায় উঠে এসেছে তরুণ পেসার নাহিদ রানাকে ঘিরে তার বিশেষ যত্নের গল্প।

রাজশাহীর ক্রিকেট অঙ্গনে অনেক আগে থেকেই নাহিদ রানাকে চিনতেন শান্ত। চাঁপাইনবাবগঞ্জের ছেলে নাহিদ রানা ক্রিকেট ক্যারিয়ার গড়ার জন্য রাজশাহীতে আসেন। ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমিতে নিজের পেস আর পরিশ্রম দিয়ে নজর কাড়েন তিনি। জাতীয় দলে আসার বহু আগেই তাঁর সম্ভাবনা সম্পর্কে ধারণা ছিল বাংলাদেশের টেস্ট অধিনায়কের। আর সেই কারণেই নাহিদের টেপ টেনিস খেলার অভ্যাস নিয়ে চিন্তিত ছিলেন তিনি।

পডকাস্টে শান্ত জানিয়েছেন, নাহিদ যেন টেপ টেনিস না খেলেন, সে জন্য তিনি নিয়মিত খোঁজখবর রাখতেন। এমনকি কয়েকজনকে দায়িত্বও দিয়েছিলেন নাহিদ টেপ টেনিস খেলছে কিনা তা জানার জন্য। মজার ছলে একে ‘গোয়েন্দাগিরি’ বলা গেলেও, এর পেছনে ছিল একজন অধিনায়কের দূরদর্শিতা। কারণ ক্রিকেট বল আর টেপ টেনিস বলের বোলিং অ্যাকশন, গ্রিপ ও রিলিজের মধ্যে পার্থক্য রয়েছে। বাংলাদেশের সবচেয়ে গতিময় পেসারদের একজনকে ঝুঁকির মধ্যে ফেলতে চাননি শান্ত।

নাহিদকে নিয়ে কথা বলতে গিয়ে শান্ত তাকে ‘স্পেশাল প্লেয়ার’ বলেও উল্লেখ করেছেন। তাঁর বিশ্বাস, বাংলাদেশের পেস বোলিংয়ের ভবিষ্যৎ বদলে দেওয়ার সামর্থ্য রয়েছে এই তরুণের।

দুজনের মধ্যে আরেকটি মিলও রয়েছে। দুজনই উঠে এসেছেন রাজশাহীর ক্রিকেট কাঠামো থেকে। একজন আজ জাতীয় দলের অধিনায়ক, অন্যজন দেশের দ্রুততম পেসারদের একজন। তাই নাহিদকে নিয়ে শান্তর আলাদা টান থাকাটাও অস্বাভাবিক নয়।

তবে বিষয়টি শুধু ব্যক্তিগত সম্পর্কের নয়। গত কয়েক বছরে বাংলাদেশ দলের ড্রেসিংরুম সংস্কৃতি বদলানোর যে চেষ্টা হয়েছে, তার অন্যতম মুখ শান্ত। তরুণ ক্রিকেটারদের দেখভাল করা, তাদের উন্নতির জন্য মাঠের বাইরেও চিন্তা করা কিংবা দলের দীর্ঘমেয়াদি স্বার্থকে প্রাধান্য দেওয়া—এসব কারণেই অনেকের চোখে শান্ত শুধু অধিনায়ক নন, একজন প্রকৃত দলনেতা। আর নাহিদ রানার গল্পটি হয়তো সেই নেতৃত্বেরই আরেকটি ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ উদাহরণ।

Share via
Copy link