আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে? মাঠে কেমন খেলবে মেসির দল? এসব প্রশ্নের চেয়েও এখন বড় হয়ে উঠেছে, মাঠে সেরা একাদশ নামাতে পারবে তো আর্জেন্টিনা। শুরু থেকেই ইনজুরিতে জর্জরিত আর্জেন্টিনা দলের ডিফেন্স লাইন ইনজুরিতে এখন তছনছ হয়ে গেছে। সেন্টার ব্যাক বালের্দি ছিটকে গেছেন। দুই রাইট ব্যাক মন্তিয়েল-মলিনার ইনজুরি শঙ্কা প্রবল। সাথে ডিফেন্সিভ মিডফিল্ডার পারদেসেরও শঙ্কা। ফলে পুরো ডিফেন্স লাইন নতুন করে সাজাতে হতে পারে লিওনেল স্ক্যালোনির।
ইতোমধ্যেই বর্তমান চ্যাম্পিয়নদের চূড়ান্ত স্কোয়াড থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে গেছেন ডিফেন্ডার লেওনার্দো বালের্দি। গত শনিবারই তাঁর বাদ পড়ার খবর নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। তবে এখানেই শেষ নয়, চোটের কালো মেঘ ঝুলছে দলের আরও অন্তত তিনজন গুরুত্বপূর্ণ ফুটবলারের ওপর।
আর্জেন্টাইন শিবিরের সবচেয়ে বড় উদ্বেগ এখন রক্ষণভাগের দুই প্রধান স্তম্ভ গনসালো মন্তিয়েল ও নাহুয়েল মলিনাকে নিয়ে। তাদের সাথে আছে মিডফিল্ডার লিয়ান্দ্রা পারেদেসের নাম। মন্তিয়েল ও মলিনা ভুগছেন তীব্র পেশির সমস্যায়, অন্যদিকে পারেদেসের পেশি কিছুটা ছিঁড়ে যাওয়ায় এখনো স্বাভাবিক অনুশীলনে ফিরতেই পারেননি তিনি।

এমন সংকটময় পরিস্থিতিতেও এখনই কোনো তড়িঘড়ি বদলি খেলোয়াড় নিতে রাজি নন কোচ লিওনেল স্কালোনি। হন্ডুরাসকে ২-০ ব্যবধানে হারানোর পর সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানান, “দলের অনেক খেলোয়াড় এখনো শতভাগ ফিট নন। আগামী মঙ্গলবারের আগে আমরা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছি না।”
এখনও বিশ্বকাপের পুরো প্রস্তুতি শেষ করেনি আর্জেন্টিনা। বিশ্বকাপের মূলপর্বে পা রাখার আগে আইসল্যান্ডের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালাই করে নেবে স্কালোনির দল। খেলোয়াড় বদলি নিয়ে স্কালোনি বলেন, “আমাদের এখনো আরও একটি প্রস্তুতি ম্যাচ আছে, এরপরই আমরা সিদ্ধান্তে পৌঁছাব। সকলের শারীরিক পরিস্থিতিই আমরা এর মধ্যে মূল্যায়ন করে দেখবো।”
ইনজুরির এই তালিকায় ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ এবং নিকোলাস পাজ থাকলেও, তাঁদের বিশ্বকাপে খেলা নিয়ে অবশ্য কোনো বড় সংশয় নেই। স্বস্তির খবর হলো, আঙুলের চোট কাটিয়ে পুরোদমে সেরে উঠেছেন দলের ভরসার নাম এমিলিয়ানো মার্তিনেজ, যিনি প্রথম ম্যাচেই থাকছেন গোলপোস্টের নিচে।

কিছুদিন আগেও যেখানে আর্জেন্টিনাকে বিবেচনা করা হচ্ছিল এবারের আসরের অন্যতম হট ফেভারিট দল হিসেবে, সেখানে টানা এই ইনজুরির খবর মনোবলে আঘাত হানতে পারে। তবে, সব বাধা পেরিয়ে লিওনেল মেসিরা নিজের সেরাটা দিয়ে মাঠে খেলুন এই প্রত্যাশা থাকবে দর্শকদের।










