অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে নতুন এক ইতিহাসের জন্ম দিলো বাংলাদেশ। ২১ বছর যাদের বিপক্ষে ওয়ানডে জিততে পারেনি বাংলাদেশ, তাদের বিপক্ষে এবার ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাঁচ উইকেটে জয়ের দেখা পেয়েছে টাইগারবাহিনী। আর এতেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড গড়লো বাংলাদেশ।
আগের ম্যাচে শুরুতে বল করে হারের মুখ দেখার পর এদিন টস জিতে ব্যাটে নামার সিদ্ধান্ত নেয় অজিরা। কিন্তু, সেই সিদ্ধান্ত যে তাদের পক্ষে আসেনি তা বলে দিতে হয় না। প্রথম দুই ওভারেই স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই একে একে সাজঘরে ফিরে যান ম্যাথু শর্ট, কুপার কনোলি আর ম্যাট রেনশো।
অধিনায়ক জস ইংলিশ ত্রিশোর্ধ্ব ইনিংসের দেখা পেলেও অ্যালেক্স ক্যারি কিংবা ক্যামেরুন গ্রিনের কাছ থেকে বড় সংগ্রহের দেখা পায়নি অস্ট্রেলিয়া। এরপর মার্নাস ল্যাবুশেন আর জ্যাভিয়ের বার্টলেটের অর্ধশতকে ভর করে বৃষ্টির আগে ৪২ ওভারে সফরকারীদের সংগ্রহ দাঁড়ায় আট উইকেটে ১৮৭ রান। তাসকিন আহমেদ আর মুস্তাফিজুর রহমান নেন সমান তিনটি করে উইকেট, বাকি দুটি শিকার করেন তানভীর ইসলাম।

ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে (ডিএলএস) বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রান। আগের ম্যাচে ফিফটি করলেও এদিন রানের খাতা না খুলেই প্রথম ওভারে প্যাভিলিয়নে ফেরেন তানজিদ তামিম। তবে, একাদশে ফেরা সৌম্য সরকার আর ভালো ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত দুজনেই ৪২ রানের ইনিংস খেললে জয়ের দিকে অনেকটাই এগিয়ে যায় বাংলাদেশ।
লিটন দাস আর আগের ম্যাচের সেরা তারকা মোসাদ্দেক হোসেন সৈকত বড় ইনিংসের দেখা না পেলেও বাংলাদেশকে খুব বেশি ভুগতে হয়নি। তাওহীদ হৃদয় আর অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ৫১ রানের জুটিতে ভর করে ৩৬ বল হাতে রেখেই জয়ের দেখা পেয়ে যায় টাইগাররা। অধিনায়ক মিরাজের বিশাল ছক্কায় এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত হয় বাংলাদেশের জয়।
প্রথম ম্যাচে জয় পাওয়ার আগে অস্ট্রেলিয়ার সাথে ওয়ানডে জেতার জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ ২১ বছর। সেখানে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে সব ইউনিটে অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে পাঁচ উইকেটের জয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ।











