লজ্জা এড়াতে মাঠে নামবেন মার্শ?

খাদের কিনারে এসে তড়িঘড়ি করে মার্শকে উড়িয়ে আনা হয় বাংলাদেশে। গুঞ্জন ছিল দ্বিতীয় ম্যাচে খেলবেন, কিন্তু অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ঝুঁকি নেয়নি।

হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে কি শেষ ম্যাচে মাঠে নামবেন মিচেল মার্শ? মিরপুরে যখন সিরিজ জয়ের উল্লাসে মেতেছে বাংলাদেশ, তখন ক্যাঙ্গারু শিবিরে বইছে চরম হতাশার ঝড়। প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যেই ওয়ানডে সিরিজ খুইয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া।

সিরিজের মাঝে দেশ থেকে উড়ে আসা মার্শ কি ধবলধোলাই এড়াতে ২২ গজে নামবেন, সেটাই এখন একমাত্র প্রশ্ন। এই প্রশ্ন সামনে রেখেই তিনি মিরপুরে করেছেন জোর ব্যাটিং অনুশীলন।

ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে খেলারই কথা ছিল না অজি অলরাউন্ডার মিচেল মার্শের। চোটের গ্রাসে পড়ে এর আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও দলের বাইরে ছিলেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়াও আগেভাগে জানিয়ে দিয়েছিল, ট্রাভিস হেডের সাথে মার্শকেও বাংলাদেশ সফরে বিশ্রাম দেওয়া হচ্ছে।

কিন্তু প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে ৮৬ রানের বিশাল ব্যবধানে হেরে ওলটপালট হয়ে যায় অস্ট্রেলিয়ার সব হিসাব-নিকাশ। খাদের কিনারে এসে তড়িঘড়ি করে মার্শকে উড়িয়ে আনা হয় বাংলাদেশে। গুঞ্জন ছিল দ্বিতীয় ম্যাচে খেলবেন, কিন্তু অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ঝুঁকি নেয়নি।

মার্শকে ছাড়া মাঠে নেমেও অবশ্য ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি সফরকারীদের। দ্বিতীয় ম্যাচেও দেখতে হয়েছে পাঁচ উইকেটের বড় পরাজয়। আর তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। 

দ্বিতীয় ওয়ানডেতে একাদশে জায়গা না হলেও, ম্যাচের দিন ঠিকই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দেখা গেছে মিচেল মার্শকে। চোট কাটিয়ে ২২ গজে ফেরার জন্য নেটে ঘাম ঝরিয়েছেন এই অজি তারকা। নিজেকে পুরোনো ছন্দে ফিরিয়ে আনার জন্য প্রস্তুতি নিয়েছেন দীর্ঘ সময় ধরে। 

অস্ট্রেলিয়ার কাছে শেষ ম্যাচ এখন কেবলমাত্র নিজেদের মর্যাদা বাঁচানোর লড়াই। সিরিজ আগেই  হেরে বসে থাকা ক্যাঙ্গারুদের কেবল এখন এড়াতে হবে হোয়াইটওয়াশের লজ্জা। মিচেল মার্শ মাঠে নেমে পারফর্ম করলে বাংলাদেশের বিপক্ষে চোখে চোখ রেখে লড়তে পারবে অস্ট্রেলিয়া।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link