নিজেদের শক্তির জানান দিয়ে নকআউটে নেদারল্যান্ডস, তিউনিসিয়াকে হারিয়ে গ্রুপসেরা হয়ে শেষ ষোলোয় ডাচরা
শুরু থেকেই যেন ঝড় তুলেছিল নেদারল্যান্ডস। ম্যাচের তৃতীয় মিনিটেই তিউনিসিয়ার ডিফেন্ডার এলিয়েস স্কিরির আত্মঘাতী গোলে এগিয়ে যায় ডাচরা। সেই ধাক্কা সামলানোর আগেই ব্যবধান দ্বিগুণ করেন ব্রায়ান ব্রবি। মাত্র সাত মিনিটেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় রোনাল্ড কুম্যানের দল।
প্রথমার্ধে তিউনিসিয়া বল দখলের লড়াইয়ে পিছিয়ে ছিল, তবে বিরতির পর কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে। ৫৪ মিনিটে হাজেম মাস্তৌরি দুর্দান্ত এক হেডে গোল করে ব্যবধান কমিয়ে ২-১ করেন। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল, হয়তো ম্যাচে ফিরতে পারবে উত্তর আফ্রিকার দলটি।

তবে সেই আশা বেশিক্ষণ টিকতে দেয়নি নেদারল্যান্ডস। কর্নার থেকে উঠে আসা বল দারুণ হেডে জালে জড়ান ইয়ান পল ভ্যান হেক। ৩-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ম্যাচের বাকি সময় বলের দখল ও ছন্দ দুটোই ধরে রাখে ডাচরা। বৃষ্টিবিঘ্নিত পরিবেশেও তাদের জয়ে কোনো প্রভাব পড়েনি।
এই জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। দুর্দান্ত আক্রমণভাগ ও আত্মবিশ্বাসী পারফরম্যান্সে নকআউট পর্বের আগে শক্ত বার্তাই দিল কমলারা। অন্যদিকে টানা তিন হারে কোনো পয়েন্ট ছাড়াই বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া।












