বিশ্বকাপে আর্জেন্টিনার কোচদের দাপট!

বিশ্বকাপের ডাগআউটে চলছে আর্জেন্টিনার রাজত্ব! ৪৮ দলের এবারের বিশ্বকাপে ছয়টি জাতীয় দলের দায়িত্ব ছিল আর্জেন্টাইন কোচদের হাতে। অবিশ্বাস্য হলেও সত্যি, তাদের মধ্যে পাঁচজনই নিজেদের দলকে পৌঁছে দিয়েছেন নকআউট পর্বে।

বিশ্বকাপের ডাগআউটে চলছে আর্জেন্টিনার রাজত্ব! ৪৮ দলের এবারের বিশ্বকাপে ছয়টি জাতীয় দলের দায়িত্ব ছিল আর্জেন্টাইন কোচদের হাতে। অবিশ্বাস্য হলেও সত্যি, তাদের মধ্যে পাঁচজনই নিজেদের দলকে পৌঁছে দিয়েছেন নকআউট পর্বে। মাঠে লিওনেল মেসিরা যেমন আলো ছড়াচ্ছেন, ঠিক তেমনি ডাগআউটেও আর্জেন্টাইন মস্তিষ্কের কৌশল লিখে চলেছে একের পর এক সাফল্যের গল্প।

এই গল্পের সবচেয়ে নাটকীয় অধ্যায়ের নাম সেবাস্তিয়ান বেকাসেসে। জার্মানির বিপক্ষে ম্যাচের আগে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছিলেন, ইকুয়েডর যদি নকআউট পর্বে উঠতে না পারে, তাহলে তিনিই পদত্যাগ করবেন। নিজের ভাগ্য যেন নিজেই ঝুলিয়ে দিয়েছিলেন এক সুতোয়।

কিন্তু ফুটবল মাঝে মাঝেই অসম্ভবকে সম্ভব করে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে দুর্দান্ত ফুটবল খেলেছে ইকুয়েডর। ২-১ গোলের ঐতিহাসিক জয়ে শুধু বিশ্বকাপের শেষ ৩২-এ জায়গাই নিশ্চিত হয়নি, রক্ষা পেয়েছে বেকাসেসের কোচিং ক্যারিয়ারও। তবে বেকাসেসে একা নন। এবারের বিশ্বকাপে একের পর এক সাফল্য এনে দিচ্ছেন আর্জেন্টিনার কোচরা।

লিওনেল স্কালোনির আর্জেন্টিনা তো শুরু থেকেই নিজেদের শ্রেষ্ঠত্বের ছাপ রেখে চলেছে। প্রথম দুই ম্যাচ জিতে আগেই নিশ্চিত করেছে নকআউট পর্ব।

স্বাগতিক যুক্তরাষ্ট্রও নতুন রূপ পেয়েছে মাউরিসিও পচেত্তিনোর অধীনে। শেষ ম্যাচে তুরস্কের কাছে হারলেও আগের দুই জয়ের সুবাদে গ্রুপসেরা হিসেবেই নিশ্চিত করেছে নকআউট পর্ব। পচেত্তিনোর কৌশলে আত্মবিশ্বাসী এক দল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র।

গুস্তাভো আলফারোর প্যারাগুয়েও দারুণ ধারাবাহিকতা দেখিয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ড্র করেই নিশ্চিত করেছে শেষ ৩২-এর টিকিট। অভিজ্ঞ এই কোচের পরিকল্পিত ফুটবল প্যারাগুয়েকে এনে দিয়েছে কাঙ্ক্ষিত সাফল্য।

অন্যদিকে নেস্টর লরেঞ্জোর কলম্বিয়া কোনো সমীকরণের অপেক্ষাই রাখেনি। প্রথম দুই ম্যাচেই উজবেকিস্তান ও ডিআর কঙ্গোকে হারিয়ে পূর্ণ ছয় পয়েন্ট তুলে নিশ্চিত করেছে নকআউট।

তবে এই সাফল্যের তালিকায় জায়গা হয়নি মার্সেলো বিয়েলসার উরুগুয়ের। গ্রুপ পর্বের বাধা পেরোতে না পেরে বিশ্বকাপ থেকেই বিদায় নিয়েছে তারা। ফলে ছয় আর্জেন্টাইন কোচের মধ্যে পাঁচজনের হাতেই উঠেছে নকআউটের টিকিট।

আরও একটি তথ্য বিস্ময় জাগায়। বিশ্বকাপে দায়িত্ব পালন করা এই ছয় আর্জেন্টাইন কোচের মধ্যে পাঁচজনের জন্ম একই প্রদেশ, সান্তা ফেতে। শুধু নেস্টর লরেঞ্জোর জন্ম বুয়েনস এইরেসের ভিলা সেলিনায়।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link