মুমিনুলের ব্যাটের সৌরভ

হারারেতে সৌরভ ছড়ালেন মুমিনুল হক। জিম্বাবুয়ের বিপক্ষে তুলে নিলেন পঞ্চম হাফ সেঞ্চুরি। যদিও, যথারীতি আবারও হাফ সেঞ্চুরিকে তিনি সেঞ্চুরি পর্যন্ত নিয়ে যেতে ব্যর্থ হলেন।

মাঝে সিলেটে দু’টো ইনিংস বড় করতে পারেননি। এর বাদে গেল আটটা ইনিংসের মধ্যে ষষ্ঠ হাফ সেঞ্চুরির দেখা পেলেন মুমিনুল হক সৌরভ। ৮১ বলে ১২ টি চারের সৌজন্যে করেন ৬০ রান। সব মিলিয়ে ক্যারিয়ারে ২৮ তম বার এই ফিফটির মাইলফলক ছুঁলেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশের টপ অর্ডার কার্যত ধুকেছে। দুই ওপেনার সাদমান ইসলাম কিংবা মাহমুদুল হাসান জয় কেউ-ই বড় ইনিংস খেলতে পারেননি।

তবে, তিন নম্বরে ব্যাট করতে নামা মুমিনুল হক ছিলেন ব্যতিক্রম। তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে যোগ করেন ৭৭ রান।

সেখানে শান্তর অবদান মাত্র ১৮ রান। হারারের উইকেটের স্যুইং ও মুভমেন্ট বেশ দক্ষতার সাথেই মোকাবেলা করেছেন মুমিনুল। তবে, আরও একবার সেঞ্চুরি বঞ্চিত হলেন তিনি।

টেস্টে সর্বশেষ সেঞ্চুরি পেয়েছেন ২০২৪ সালের সেপ্টেম্বরে। মানে, প্রায় বছর দুয়েক আগে। মুমিনুলের অপেক্ষার অবসান যত দ্রুত হয় ততই বাংলাদেশের জন্য মঙ্গল।

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

Share via
Copy link