একেবারে হোয়াইটওয়াশ হলো ভারত। প্রথম ম্যাচটাকে হয়তো অঘটন আখ্যা দেওয়া চলতে পারে, কিন্তু আয়ারল্যান্ড প্রমাণ করল তারা কোনো অঘটন ঘটাচ্ছে না। দলের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়াই ভারতকে আরও একবার হারিয়ে দিল আইরিশরা। একই সাথে প্রথমবারের মতো পরাশক্তি ভারতের বিরুদ্ধে সিরিজ জয়ের কীর্তি গড়লো আয়ারল্যান্ড।
টসে হেরে ব্যাট করতে নামা আইরিদের শুরুটা অবশ্য মনমতো হয়নি। দুই ওপেনারই সাজঘরের রাস্তা ধরেছেন অল্প রানের ইনিংস খেলেই। তবে, এরপরই হ্যারি টেক্টর দায়িত্ব নেন স্কোরবোর্ড সচল রাখার। আউট হওয়ার আগে এই ব্যাটার সংগ্রহ করেন ৫৩ রান।
শেষদিকে বেন কালিটজের ২৩ বলে ৩৭ রানে ভর করে ১৫৪ রানের সংগ্রহ পায় আইরিশরা। এই ম্যাচ দিয়েই ভারতের টি-টোয়েন্টি জার্সি গায়ে জড়ানো প্রিন্স যাদব শিকার করেন তিন উইকেট।

সিরিজ বাঁচানোর মিশনে তাড়া করতে নেমে লজ্জার মুখোমুখি হন ভারতের দুই ওপেনার। সাঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা দুজনেই প্রথম ওভারে ফিরে যান রানের খাতা না খুলেই। অবশ্য, ইশান কিষাণ আর অধিনায়ক শ্রেয়াস আইয়ারের কাছ থেকেও আশানুরূপ ইনিংস পায়নি ভারত।
ভঙ্গুর হওয়া ভারতের ব্যাটিং লাইনআপের ভার তখন নিজের কাঁধে তুলে নেন তিলক ভার্মা। যদিও তাঁর ৫৫ রানের ইনিংস এড়াতে পারেনি পরাজয়। হারসিত রানা দশ বলে ২১ রানের ক্যামিও খেললেও ভারতকে থামতে হয় ১৫৩ রানে।
সর্বশেষ দুই টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ভারতের যেন এক নতুন পরীক্ষা নিয়েছে আয়ারল্যান্ড। নিজেদের ঘরের মাঠে একেবারে সেরা দলটাকে মাঠে না নামিয়েও, ভারতকে তারা বিধ্বস্ত করে দিলো টানা দ্বিতীয়বারের মতো। এক রানের হারে হোয়াইটওয়াশ হলো সফরকারীরা।











