অন্যপাশে যা হচ্ছে হোক, অভিষেক শর্মার তাতে কিছু যায় আসে না। তিনি নিজের মতোই খেলবেন, ঝড় তুলবেন, স্কোরবোর্ডে পাহাড়সম রান জমা করাই তাঁর একমাত্র লক্ষ্য। ইংল্যান্ডের বিপক্ষেও সেটাই করলেন। ভঙ্গুর দশা থেকে দলের জন্য বয়ে আনলেন মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস।
সাঞ্জু স্যামসনকে সঙ্গে নিয়ে এসেছিলেন ওপেনিংয়ে। আয়ারল্যান্ড সিরিজে নাস্তানাবুদ হওয়া ইন্ডিয়ার সামনে ইংল্যান্ড চ্যালেঞ্জটা বেশ কঠিন। সেটা কঠিনতর হয়ে গেল সতীর্থদের বিদায়ে, ইশান কিষাণও এলেন আর গেলেন। সবটা দাঁড়িয়ে দেখলেন অভিষেক।

এরপর আর কী করার, পিঠ ঠেকে গেছে দেয়ালে। তাই সেই দেয়াল ভাঙার স্লোগান তুললেন। একের পর এক বল পার হলো সীমানাদড়ি, আছড়ে পড়ল গ্যালারিতে। একটু আগেও যে ইংল্যান্ড ঠোঁটের কোণে বাকা হাসি দিচ্ছিল, তাদের কপালেই পড়ল চিন্তার ভাঁজ।
ভগ্নস্তূপের মাঝে দাঁড়িয়ে ২০ বলেই তুলে নিলেন ফিফটি। এক লহমায় যেন সব হিসাব পাল্টে গেল, দৃশ্যপট বদলে গেল। ২৪টা বল উইকেটে থেকে শেষটাতে রান করলেন ৫৯। হাঁকিয়েছেন ছয়খানা চার আর চারখানা ছয়। ঝড় চালিয়েছেন ২৪৫ স্ট্রাইক রেটে।

যখন সাজঘরে ফিরলেন অভিষেক, দলের রান তখন ৮৮। শুরুর করুণ অবস্থা ছাপিয়ে রীতিমতো বুক ফুলিয়ে মাঠ ছেড়েছেন। মোমেন্টামটা ইংল্যান্ডের কাছ থেকে কেড়ে এনেছেন। অভিষেক শর্মা বলেই সেটা এত সহজেই পেরেছেন। তিনি তো সাক্ষাৎ এক ঝড়, কখন কার কাছ থেকে কী উড়িয়ে নিয়ে যাবে বলা দুষ্কর।










