টেস্টে থামল ম্যাককালামের ‘বাজবল’ যাত্রা!

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে 'বাজবল' বিপ্লবের জন্ম দিয়েছিলেন যিনি, শেষ পর্যন্ত সেই ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গেই পথচলা থামিয়ে দিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ‘বাজবল’ বিপ্লবের জন্ম দিয়েছিলেন যিনি, শেষ পর্যন্ত সেই ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গেই পথচলা থামিয়ে দিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। টানা ব্যর্থতার মাশুল গুনে টেস্ট দলের প্রধান কোচের পদ হারিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। তবে পুরোপুরি বিদায় নয়, ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের প্রধান কোচ হিসেবে আপাতত দায়িত্বে থাকছেন তিনি।

মাত্র তিন মাস আগেও পরিস্থিতি ছিল একেবারেই ভিন্ন। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে ৪–১ ব্যবধানে হারলেও ম্যাককালামের ওপর পূর্ণ আস্থা রেখেছিল ইসিবি। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ২–১ ব্যবধানে টেস্ট সিরিজ হারতেই সিদ্ধান্ত বদলে ফেলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আগামী বছরের অ্যাশেজকে সামনে রেখে নতুন পথেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছে তারা।

২০২২ সালে টেস্ট দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর অধিনায়ক বেন স্টোকসকে নিয়ে ইংল্যান্ডের ক্রিকেটে নতুন এক দর্শনের সূচনা করেছিলেন ম্যাককালাম। আক্রমণাত্মক মানসিকতা, দ্রুত রান তোলা এবং প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল মিলিয়ে জন্ম হয়েছিল বহুল আলোচিত ‘বাজবল’ ক্রিকেটের। শুরুটাও ছিল স্বপ্নের মতো। প্রথম ১১ টেস্টের মধ্যে ১০টিতেই জয় পেয়েছিল ইংল্যান্ড। প্রশংসায় ভাসছিল ম্যাককালাম-স্টোকস জুটি।

কিন্তু সেই স্বপ্নের গতি বেশিদিন টেকেনি। ধীরে ধীরে বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে ইংল্যান্ডকে। অস্ট্রেলিয়ার কাছে অ্যাশেজ হার, ভারতের বিপক্ষে সিরিজ জিততে না পারা এবং সর্বশেষ নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে পরাজয়ের পর চাপে পড়ে যায় কোচিং স্টাফ। শেষ নয় টেস্টের মধ্যে সাতটিতেই হেরে বসে ইংল্যান্ড। সব মিলিয়ে ৪৯ টেস্টে ম্যাককালামের কোচিং রেকর্ড ২৭ জয়, দুই ড্র ও ২০ হার।

তবে ম্যাককালামের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করছে না ইসিবি। ২০২৭ সাল পর্যন্ত থাকা চুক্তি অনুযায়ী তিনি ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের প্রধান কোচ হিসেবেই থাকবেন। আগামী বছরের দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য ৫০ ওভারের বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন তিনি।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link