ডাকেটের ব্যাটের রাজকীয় নৃত্য

এই সেঞ্চুরি শুধু রানের কারিকুরি নয়। বরং এক প্রবল প্রত্যাবর্তনের গল্প। বেন ডাকেট নামক এক কবির নিখুঁত এক ক্রিকেটীয় কাব্য। যার ছন্দে ছন্দে আছে সিংহাসন ফিরে পেতে মরিয়া এক রাজপুত্রের স্বপ্নের রূপরেখা।

গ্যালারি তখন উত্তাল। ব্যাটের মাঝখান থেকে আসা শটের সেই পরিচিত শব্দে মুগ্ধ ক্রীড়ামোদীরা। যেন দীর্ঘ প্রতীক্ষার প্রহরের সমাপ্তি। লর্ডসের ঐতিহাসিক সবুজ গালিচায় দেখা মিলল ইংলিশ ওপেনার বেন ডাকেটের ব্যাটের রাজকীয় নৃত্যের।

ভারতের শক্তিশালী বোলিং আক্রমণকে রীতিমতো শাসন করে পূর্ণ করলেন ক্যারিয়ারের চতুর্থ ওডিআই সেঞ্চুরি। ম্যান ইন ব্লুজদের বিপক্ষে সিরিজের ৩য় ওয়ানডেতে ১৩৫ বলে ১৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি শুধু স্বরূপে ফেরার প্রত্যয়ই ব্যক্ত করলেন না। বরং দেখিয়ে দিলেন আত্মবিশ্বাস, পরিশ্রম আর সাহসের সম্মিলিত শক্তিতে প্রয়োজনের সময় কীভাবে জ্বলে উঠতে হয়। কীভাবে ঠাণ্ডা মাথায় এগিয়ে নিতে হয় দলকে।

৪৪ ওভার চার বলে প্রিন্স যাদবের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফেরার আগে ১৮টি দৃষ্টিনন্দন চার এবং একটি ছক্কা হাঁকান এই বাঁহাতি ব্যাটার। তার ইনিংসের প্রতিটি শট যেন ছিল একেকটি মাস্টারক্লাস। এর আগে ওপেনিং জুটিতে জ্যাকব বেথেলের সঙ্গে ৩০ ওভার পর্যন্ত ১৯২ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তোলেন তিনি। বেথেল ব্যক্তিগত ৯১ রানে ফিরলেও আলো নিজের দিকেই ধরে রাখেন ডাকেট। ডাকেট-বেথেলের কাঁধে ভর করে শেষ পর্যন্ত লর্ডসে রেকর্ড ৩৮৭ রানের দলীয় সংগ্রহ পায় ইংল্যান্ড।

এদিকে, দুর্দান্ত ফর্মে ফিরতে ডাকেটকে লড়াই করতে হয়েছে নিজের সাথে। চলতি বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের ৩য় ওডিআইতে হাফ সেঞ্চুরি এসেছিল তার ব্যাট থেকে। কিন্তু ইনিংসটিকে সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি সেদিন তিনি। তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারটা যেন বারবার হাতছানি দিয়েও মরীচিকা হয়ে যাচ্ছিল।

তবে ভক্তদের চোখে এখনো ভাসে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডাকেটের সেই বিধ্বংসী রূপ। টুর্নামেন্টটিতে অস্ট্রেলিয়ার বিশ্বসেরা বোলারদের নাস্তানাবুদ করে ১৬৫ রানের এক অবিশ্বাস্য মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন ডাকেট। এরপর দীর্ঘ বিরতির পর ভারত সিরিজে আবারও সেঞ্চুরির দেখা পেলেন এই থ্রি লায়ন্স ওপেনার।

এই সেঞ্চুরি শুধু রানের কারিকুরি নয়। বরং এক প্রবল প্রত্যাবর্তনের গল্প। বেন ডাকেট নামক এক কবির নিখুঁত এক ক্রিকেটীয় কাব্য। যার ছন্দে ছন্দে আছে সিংহাসন ফিরে পেতে মরিয়া এক রাজপুত্রের স্বপ্নের রূপরেখা।

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link