তাসকিন আহমেদ শ্রীলঙ্কা যাচ্ছেন না। লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) অধ্যায় শেষ পর্যন্ত মাঠে গড়ালো না। জাফনা কিংসের স্কোয়াডে জায়গা পাঁকা থাকলেও নিজেই নাম প্রত্যাহার করে নিয়েছেন এই তারকা পেসার। জিম্বাবুয়ে সফর সেরে শ্রীলঙ্কার পথে না গিয়ে সরাসরি ঢাকায় ফিরে এসেছেন তিনি।
শুরুতে অবশ্য ভিন্ন পরিকল্পনা ছিল। এলপিএলে খেলার জন্য জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি চেয়েছিলেন তাসকিন। কিন্তু মুস্তাফিজুর রহমান চোটে পড়ায় দলের পরিকল্পনায় পরিবর্তন আনতে হয় ম্যানেজমেন্টকে, আর তাসকিনকে রাখা হয় টি-টোয়েন্টি স্কোয়াডেই। ঠিক হয়েছিল, ছোট সংস্করণের এই সিরিজ শেষ করেই লঙ্কা প্রিমিয়ার লিগে যোগ দেবেন তিনি।
তবে সেই পরিকল্পনা থেকেও সরে এলেন এই গতি তারকা। কারণ সামনে অপেক্ষা করছে অস্ট্রেলিয়া সফরের কঠিন পরীক্ষা। আগামী মাসের শুরুতেই দ্বিপক্ষীয় টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া উড়াল দেবে বাংলাদেশ দল। সেই লাল বলের লড়াইয়ে নিজেকে পুরোপুরি প্রস্তুত রাখতেই এলপিএল থেকে বিরতি নেওয়ার এই সিদ্ধান্ত। দেশে ফিরে কিছুদিন বিশ্রাম নেওয়ার পাশাপাশি অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিতেই এখন পুরো মনোযোগ দেবেন তাসকিন।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে এখনো কোনো টেস্ট খেলার অভিজ্ঞতা নেই তাসকিনের। ২০১৭ সালের পর দুই দল আর টেস্টে মুখোমুখিই হয়নি, তাই আসন্ন এই সিরিজই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের প্রথম টেস্ট লড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে।
এদিকে অস্ট্রেলিয়াও এই সিরিজের জন্য তাদের পূর্ণ শক্তির দল ঘোষণা করে ফেলেছে, যেখানে চোট কাটিয়ে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্সসহ জশ হ্যাজেলউড ও নাথান লিঁও। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ শুরু হবে ডারউইনে, এরপর দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু ম্যাকাই। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ, যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেরও অংশ।
একদিকে অস্ট্রেলিয়ার পূর্ণশক্তির আক্রমণ, অন্যদিকে তাসকিনের অজানা এক লড়াইয়ে নামার প্রস্তুতি— ২৩ বছরের অপেক্ষা ফুরিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ কি চমক দেখাতে পারবে?












