টিপিক্যাল অভিষেক শর্মা শো। অল্প পুঁজি নিয়ে আফগানিস্তানের জয়ের স্বপ্ন স্রেফ উবে গেল। সাত ইনিংস পর অবশেষে ফিফটির দেখা পেলেন অভিষেক, ৩২ বলে খেললেন ৮২ রানের অতিমানবীয় নক। ব্যর্থতার উপর প্রলেপ দিয়ে দীর্ঘদিন পর অভিষেক ফিরলেন চেনা মেজাজে।
ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হওয়া আফগানিস্তান স্কোরবোর্ডে তুলেছিল মাত্র ১৫৬ রান। ভারতের ঘরের মাঠে এই রান ডিফেন্ড করা যে অলীক স্বপ্ন, তা অনুমেয় ছিল। তবুও তো একটা সম্ভাবনার চিলতে আলো থাকে, যা দেখে পথ দেখা যায় ঘোর অন্ধকারে। তবে সেই আলোটা নিভিয়ে দিলেন অভিষেক শর্মা।
ব্যাটে রান নেই, ইংল্যান্ড সিরিজে ব্যর্থ, জিম্বাবুয়েতে ভরাডুবি। সমালোচনার তীরের মতো ছুটে আসতে থাকে। কোনোভাবেই হচ্ছে না, ওপেনিংয়ে এত ব্যর্থতার পরও তাঁকে রাখার কোনো মানে হয় না। তবুও পুরোনো নথি ঘাঁটলে যেসব রেকর্ড গড়েছেন, সেগুলোই একটা বিশ্বাস দিয়েছিল। অভিষেক ফিরবেনই, ফিরতে তাঁকে হবেই।

ঘরোয়া ক্রিকেটে নিজেকে খুঁজে পাওয়ার মিশনে নেমেছিলেন। কঠোর অধ্যবসায় সঙ্গী হয়েছে তাঁর। ধ্যানমগ্ন হয়ে সমস্যা খুঁজে বের করে নতুন রূপে ফিরলেন আফগানিস্তানের বিপক্ষে। অরুণ জেটলি স্টেডিয়ামে পা রাখতেই ফিরে পেলেন চেনা অভিষেককে।
২২ বলে ফিফটি হাঁকিয়েছেন। ব্যাট ঘুরিয়েছেন যেভাবে ইচ্ছে। বোলারের বল বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই পাঠিয়েছেন সীমানার ওপারে। অবস্থাটা এমন, কোনো মন্ত্র নেই কারো কাছে, যা দিয়ে আটকে রাখা যায় অভিষেককে। অবশ্য সবকিছুরই তো একটা শেষ আছে। অভিষেককেও তাই থামতে হলো। তবে যখন থামলেন, তখন দলের রান ১৩৯। যাওয়ার আগে ৩২ বল খেলে ৮২ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়ে গেছেন। সমান চার-চারটি আর ছক্কায় সাজানো ইনিংসের স্ট্রাইক রেটটাও ছিল ২৫৬। এক কথায়, অনন্য, অনবদ্য।
অভিষেকের এমন ঝড়ের দিনে ভারতও তুলে নিয়েছে সাত উইকেটের জয়। আফগানিস্তান স্রেফ অসহায় চোখে তাকিয়ে দেখেছে অভিষেকের দাপট, আর ভোগ করেছে নির্মম পরাজয়ের স্বাদ। ভারতের জন্য স্বস্তি এই, অভিষেক ফিরেছেন চেনা রূপে, চেনা মেজাজে।

Share via:









