ম্যাচ না খেলেও ম্যাচের মুল কেন্দ্রবিন্দু হয়ে থাকলেন জাসপ্রিত বুমরাহ। যার সাথে ছবি তোলার জন্যে একে একে অপেক্ষায় ছিলেন খোদ জাপানের খেলোয়াররাই। একই সাথে ভারতের ব্যাটিং হিট ম্যান অভিষেকের জার্সি নিয়েও আগ্রহ ছিলো জাপানের খেলোয়ারদের। ম্যাচ শেষে সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে দেখা গেল এক অন্যরকম দৃশ্য।
ক্রিকেটের কোনো বড় দলের বিপক্ষে প্রথম ম্যাচেই বৃষ্টি বিঘ্নিত ৫ ওভারের লড়াইয়ে ৩৩ রানের লক্ষ্যে নেমে শেষ ওভার পর্যন্ত লড়েও ২ রানে হেরে যায় জাপান, তবু ক্রিকেটারদের মুখে হাসি, মাঠ ছাড়ার আগে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে সময় কাটালেন তারা।

অভিষেক শর্মার সঙ্গে জার্সি বদল করলেন জাপানের একাধিক খেলোয়াড়। জাসপ্রিত বুমরাহকে ঘিরেও ভিড় জমালেন তারা, যদিও এই ম্যাচে বল হাতে নামেননি ভারতের এই তারকা পেসার, তবু তাঁর সঙ্গে ছবি তোলার সুযোগ ছাড়েননি জাপানের ক্রিকেটাররা। একে একে ভারতীয় দলের বাকি সদস্যদের সঙ্গেও ফ্রেমবন্দী হলেন তারা। শ্রেয়াস আইয়ার, বৈভব সুরিয়াবানসি, ইশান কিষানসহ আরও অনেকের কাছ থেকে জার্সিতে সাইন নিলেন জাপানের খেলোয়াড়রা।
মাঠের এক কোণে দাঁড়িয়ে চলল আলাপচারিতাও, নিজেদের ক্রিকেট-অভিজ্ঞতা ভাগ করে নিলেন দুই দলের খেলোয়াড়রা। বিশ্বচ্যাম্পিয়ন একটা দলের সঙ্গে মাঠ শেয়ার করার এই সুযোগটাই যেন জাপানের ক্রিকেটারদের কাছে বাড়তি প্রাপ্তি হয়ে রইল।
ভারত-জাপান বন্ধুত্বের সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই ম্যাচ যেন দুই দেশের সম্পর্কের পাশাপাশি খেলোয়াড়দের সম্পর্কটাও একধাপ এগিয়ে দিল। স্কোরবোর্ডে হার-জিতের হিসাব যাই থাকুক, মাঠের বাইরের এই মুহূর্তগুলোই হয়তো এই প্রীতি ম্যাচ আয়োজনের আসল সার্থকতা।

Share via:











