প্রত্যাবর্তনের লড়াইয়ে শামীম পাটোয়ারী!

জাতীয় দলের রাডারে ফিরতে শামীমের লড়াকু মানসিকতাই এখন প্রধান শক্তি। ২২ গজের প্রতিকূলতা কাটিয়ে শামীম কি পারবেন আবার লাল-সবুজের ড্রেসিংরুমে নিজের জায়গা পোক্ত করতে? নাকি আন্তর্জাতিক অঙ্গণে তাঁর অপেক্ষার পালা দীর্ঘ হবে আরও?

শামীম পাটোয়ারী। ঝড়ো ব্যাটিং আর দুর্দান্ত ফিল্ডিংয়ের অমোঘ প্রতিভা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল তাঁর। কিন্তু ধারাবাহিক ফর্মহীনতা জাতীয় দলের মূল একাদশ থেকে দূরে ঠেলে দিয়েছে এই হার্ড হিটারকে।

তবে, দমে যাওয়ার পাত্র নন শামীম! কখনো বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলে ব্যাট হাতে নিজের মেধার স্বাক্ষর দিয়েছেন তিনি। আবার কখনো বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আলোর ঝলক দেখিয়ে প্রত্যাবর্তনের লড়াইয়ে চালিয়ে গেছেন সন্তর্পণে।

২০২১ থেকে ২০২৪ সালের ভেতর জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যেই ছিলেন ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। বারবার তাঁর ব্যাটিং পজিশন বদলে বহু পরীক্ষাও নিয়েছে বিসিবির সিলেকশন প্যানেল।

কখনো তিনি আটে খেলে প্রয়োজনীয় রান এনে দিয়েছেন দলকে। আবার কখনো চারে নেমে মিডল অর্ডারকে রান সংগ্রহে সহায়তা করার চেষ্টা করেছেন। কিন্তু সেভাবে উইকেটে থিতু হয়ে বড় কোনো ইনিংস খেলার সুযোগ তিনি পাননি। বারবার ভিন্ন পজিশনে ব্যাট করতে নামার কারণেই নিজের সেরাটা দেওয়া সম্ভব হয়নি শামীমের।

বিবিধ পজিশনে খেলার এই গোলকধাঁধার মাঝেও নিজের জাত চেনাতে চেষ্টা করেছেন ২০০০ সালে চাঁদপুরে জন্মানো এই ব্যাটার। পরিসংখ্যান বলছে, ২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে তাঁর স্ট্রাইক রেট ছিল ২১০-এর ওপরে! বিশেষ করে ডেথ ওভারগুলোতে তাঁর ঝড়ো ইনিংস খেলার প্রবণতা দারুণভাবে দর্শকদের নজর কেড়েছে। কিন্তু চরম ধারাবাহিকতাহীনতার মাশুল তাঁকে দিতে হয়েছে বারবার দল থেকে বাদ পড়ে।

তবু, সবকিছু ছাপিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে ফিরতে ঘাম ঝরাচ্ছেন শামীম। নিজের ব্যাটিং টেকনিক শানিত করার পাশাপাশি, ফিটনেসেও বাড়তি ধার আনার চেষ্টা করছেন। হাই পারফরম্যান্স দল, এ দল ও ঘরোয়া ক্রিকেটেও রানের দেখা পাচ্ছেন এই ব্যাটার।

সম্প্রতি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজেও দ্যুতি ছড়িয়েছেন তিনি। টুর্নামেন্টটিতে ছয় ইনিংসে গড়ে ১০১.৭৫ স্ট্রাইক রেটে ১০৭ রান করেছেন শামীম, হাঁকিয়েছেন একটি হাফ সেঞ্চুরিও।

জাতীয় দলের রাডারে ফিরতে শামীমের এই লড়াকু মানসিকতাই এখন প্রধান শক্তি। ২২ গজের প্রতিকূলতা কাটিয়ে শামীম কি পারবেন আবার লাল-সবুজের ড্রেসিংরুমে নিজের জায়গা পোক্ত করতে? নাকি আন্তর্জাতিক অঙ্গণে তাঁর অপেক্ষার পালা দীর্ঘ হবে আরও? সময়ই দেবে জবাব!

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link