জ্যাকব মার্টিনের জীবন কারও কাম্য নয়

দেশের জার্সি পাওয়া, জাতীয় দলের হয়ে ট্রফি তুলে ধরা যে কোনো ক্রিকেটারেরই বড় স্বপ্ন। তেমনই স্বপ্ন দেখতে দেখতে ২২ গজে এসেছিলেন জ্যাকব মার্টিন নামের এক ভারতীয় তরুণ।

দেশের জার্সি পাওয়া, জাতীয় দলের হয়ে ট্রফি তুলে ধরা যে কোনো ক্রিকেটারেরই বড় স্বপ্ন। তেমনই স্বপ্ন দেখতে দেখতে ২২ গজে এসেছিলেন জ্যাকব মার্টিন নামের এক ভারতীয় তরুণ। কিন্তু, সবাইকে সবসময় অলিম্পাসের দেবতা যে সবটা উজাড় করে দেন না, এই অমোঘ সত্যিটাই প্রতিফলিত হয়েছে মার্টিনের জীবনে!

ঘরোয়া ক্রিকেটে বরোদার হয়ে ১৯৯৮-৯৯ মৌসুমে রঞ্জি ট্রফিতে হাজারেরও বেশি রান করেছিলেন মার্টিন। তাঁর অধিনায়কত্বে ২০০০-০১ মৌসুমে রঞ্জি ট্রফিও জয় করে দলটি। ভারত জাতীয় দলের জার্সিতেও খেলেছেন ১০টি ওয়ানডে। ঘরোয়া ক্রিকেটে ১৩৮টি প্রথম শ্রেণীর ম্যাচে ৯ হাজার ১৯২ রান ও ২৩টি সেঞ্চুরির মালিক ১৯৭২ সালে জন্মানো এই ক্রিকেটার।

এতসব অর্জন সত্ত্বেও জ্যাকবের জীবনটা হঠাৎ এক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায়! সালটা ২০০৪। ইংল্যান্ড সফরে গিয়ে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবৈধভাবে রয়ে যান এক ভারতীয়। পরে ইমিগ্রেশন বিভাগের তদন্তে উঠে আসে জ্যাকবের নাম। অভিযোগ ওঠে, ক্রিকেট খেলতে যাওয়ার আড়ালে জাল নথি বানিয়ে বিদেশে অবৈধভাবে মানুষকে পাঠানোর চক্রের সঙ্গে সম্পৃক্ততা আছে তাঁর। তাঁর নামে এই নিয়ে দায়ের করা হয় মামলাও।

বছর আসে, বছর যায়। তবু, মামলার ঝক্কি কাটে না এই ডানহাতি ব্যাটারের। শেষমেশ ২০১১ সালে গ্রেপ্তার হয়ে এক মাসেরও বেশি সময় তিহার জেলে কাটাতে হয় তাঁকে। আইনি জটিলতার কারণে ক্রিকেট থেকে দূরে সরে যাওয়ার পর হারান ভারতীয় রেলওয়ের চাকরিটাও। পরিবারকে দেখভালের ভার বহন আর নিজের মর্যাদা অক্ষুণ্ণ রাখার সামাজিক চাপ সামলে এরপরও মার্টিন সুদিনের অপেক্ষায় থাকেন।

অবশেষে ফুরায় তাঁর দীর্ঘ প্রতীক্ষার পালা। ২২ বছর পর চলতি বছরের জুনে দিল্লীর পটিয়ালা হাউস কোর্ট তাঁকে সব অভিযোগ থেকে বেকসুর খালাস দেন। এত বছরেও রাষ্ট্রপক্ষ তাঁর বিরুদ্ধে সুস্পষ্ট কোনো প্রমাণ হাজিরে ব্যর্থ হওয়ায় এই রায় দেন আদালত।

জ্যাকব মার্টিনের মামলা নিষ্পত্তি হওয়ার মাধ্যমে দুই দশকের দীর্ঘ দোলাচলের অবসান ঘটেছে। বহু চড়াই-উৎরাই পেরিয়ে শেষ পর্যন্ত সত্য উদঘাটিত হলেও, বিনিময়ে জ্যাকবকে জলাঞ্জলি দিতে হয়েছে তাঁর স্বপ্নের ক্রিকেট ক্যারিয়ার আর জীবনের প্রায় দুই যুগকে।

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link