বিসিবি সভায় দুই পরিচালকের মাঝে হট্টগোল!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক পরিচালনা পর্ষদের সভায় হট্টগোল ও দুই পরিচালকের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। সভার নির্ধারিত সময় পরিবর্তনকে কেন্দ্র করে তৈরি হয় এই অপ্রীতিকর পরিস্থিতি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক পরিচালনা পর্ষদের সভায় হট্টগোল ও দুই পরিচালকের মধ্যে তুমুল বাগবিতণ্ডা। সভার নির্ধারিত সময় পরিবর্তনকে কেন্দ্র করে তৈরি হয় এই অপ্রীতিকর পরিস্থিতি। স্বাভাবিকভাবেই যা বিসিবির অভ্যন্তরীণ পেশাদারিত্ব ও সমন্বয় নিয়ে প্রশ্ন তুলছে।

সভাটি প্রথমে বিকেল তিনটায় আয়োজনের কথা থাকলেও পরবর্তীতে তা পিছিয়ে সন্ধ্যা ছয়টায় নির্ধারণ করা হয়। সভার এই হঠাৎ সময় পরিবর্তনের বিষয়ে সরাসরি তীব্র আপত্তি ব্যক্ত করেন বিসিবির মেডিকেল কমিটির চেয়ারম্যান ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।

তিনি পেশায় একজন চিকিৎসক হওয়ায়, নিজের পূর্বনির্ধারিত রোগী দেখার সূচির সঙ্গে সভার নতুন সময় সাংঘর্ষিক হচ্ছে উল্লেখ করে বিষয়টি বৈঠকে একাধিকবার উত্থাপন করেন।

​বারবার একই বিষয়টি তোলা নিয়ে একপর্যায়ে বরিশাল বিভাগের পরিচালক মো. মিজানুর রহমানের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি শুরু হয়। মিজানুর রহমান কড়া ভাষায় এর প্রতিক্রিয়া জানালে বৈঠক কক্ষের পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে ওঠে।

অবশ্য বৈঠকের পরিবেশ সাময়িকভাবে ঘোলাটে হলেও পরবর্তী সময়ে উভয় পরিচালকই বিষয়টি হালকাভাবে নেওয়ার চেষ্টা করেছেন। ঘটনাটিকে গুরুত্বহীন আখ্যা দিয়ে ডা. শামীম জানান, বোর্ডে সবার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রয়েছে। অন্যদিকে মিজানুর রহমানও এটিকে সহকর্মীদের মধ্যকার একটি সাময়িক মনোমালিন্য বলে চিহ্নিত করেছেন।

পরিচালকরা এটিকে সাধারণ ঘটনা বলে এড়াতে চাইলেও, দেশের শীর্ষ ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থার নীতি-নির্ধারণী সভায় এমন উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হওয়া বোর্ড পরিচালনার সার্বিক শৃঙ্খলাকে প্রশ্নের মুখে ফেলেছে। বোর্ড মিটিংয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মঞ্চে ব্যক্তিগত শিডিউল ও সময়ের সমন্বয়হীনতা নিয়ে এমন কাদা ছোড়াছুড়ি বিসিবির পেশাদারি ভাবমূর্তির সঙ্গে  অসামঞ্জস্যপূর্ণ।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link