ওয়ানডে সিরিজের আগে ভারতের নতুন দুশ্চিন্তা শুভমান গিলের ইনজুরি শঙ্কা নিয়ে! গ্রীনফিল্ড স্টেডিয়ামে শুক্রবার বিকেলে অনুশীলনে ব্যস্ত ছিল ভারতীয় দল, যেহেতু ম্যাচের খুব বেশি সময় বাকি নেই তাই দলের প্রায় সব সদস্যই উপস্থিত ছিলেন মাঠে।
গিল নেটে ব্যাট হাতেও ছন্দে ছিলেন ,সাবলীল ভাবেই প্র্যাকটিস করছিলেন, কিন্তু হুট করে মোহাম্মদ সিরাজের একটা বাউন্সার সামলাতে পারেননি তিনি, বল সরাসরি গিয়ে লাগে তাঁর কণুইয়ে, আর তাতে ব্যাট ফেলে বসে যান ভারতীয় অধিনায়ক। সাথে সাথে সিরাজ সহ বাকি সতীর্থরা ছুটে আসেন,মাঠে প্রায় ২০ মিনিট ধরেই গিল কে নিয়ে ব্যস্ত থাকেন ভারতীয় দলের ফিজিও, হাতে ব্যান্ডেজ লাগানো হয় তাই আর ব্যাট হাতেও নামা হয়নি শুভমান গিলের।
তবে ভয়টা পুরোপুরি জেঁকে বসার আগেই কিছুটা স্বস্তির ছবিও দেখা গেছে। মাঠ ছাড়ার সময় তরুণ পেসার গুরনুর ব্রারের সঙ্গে হাসি-ঠাট্টায় মেতে ওঠেন গিল। যন্ত্রণা তখন হয়তো কমেছে, কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে, রোববারের প্রথম ওয়ানডেতে কি খেলতে পারবেন তিনি?

হাতে সময় খুব বেশি নেই ওয়ানডে ম্যাচ শুরু হওয়ার । বিসিসিআই এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি চোটের ব্যাপারে। শনিবার বিফোর ম্যাচ সংবাদ সম্মেলনেই হয়তো মিলবে আসল উত্তর। সবকিছু ঠিক থাকলে খেলবেন গিল। না হলে অপেক্ষায় থাকা যশস্বী জয়সওয়ালকে দেখা যেতে পারে ওপেনার হিসেবে।
গত তিন বছরে চোট যেন গিলের নিত্যসঙ্গী। ডেঙ্গু, থাম্ব ইনজুরি, ঘাড়ের মারাত্মক চোট, পায়ের আঙুল, ক্র্যাম্প নিয়ে রিটায়ার্ড হার্ট, তালিকাটা লম্বাই। শ্রীলঙ্কাতেও ঠিক এমনই আঙুলে চোট পেয়ে সেরে উঠে পুরো সিরিজ খেলেছিলেন তিনি। এবারও কি সেই একই চিত্র ফিরবে?
এই বারবার চোটে পড়ার অভিজ্ঞতা থেকেই বোধহয় খেলোয়াড়দের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বিসিসিআইয়ের ভিতরে সবচেয়ে সোচ্চার কণ্ঠস্বরগুলোর একটা এখন গিলের নিজের। সিরিজের মাঝে বিশ্রাম বেশি দরকার, ফরম্যাট বদলের সময় অনুশীলনের জন্য বেশি সময় দরকার, এসব দাবি তিনি জানিয়ে আসছেন নিয়মিতই। যেন নিজের শরীরের প্রতিটা চোট থেকে শিখেছেন একটা কথাই, বিশ্রাম বিলাসিতা নয়, প্রয়োজন।

শ্রেয়াস আইয়ার এশিয়ান গেমসে ব্যস্ত থাকায় সহ-অধিনায়ক কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, হর্ষিত রানারাও মাঠের বাইরে। এমন সময়ে গিলের এই চোট বাড়তি দুশ্চিন্তা টিম ম্যানেজমেন্টের জন্য।











