খেলা শেষের ঠিক পর মুহূর্তেই ফুটবলের মাঠ রূপ নিল রণক্ষেত্রে। বেলজিয়ামের কাছে ইতালির ২-০ গোলে হারের পর শেষ বাঁশি বাজতেই সরাসরি হাতাহাতিতে জড়িয়ে পড়ার উপক্রম হন বেলজিয়ামের ফরোয়ার্ড রোমেলু লুকাকু এবং ইতালির গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা।
জয় শেষে উচ্ছ্বাসে ভাসছিল বেলজিয়াম। শেষ বাঁশি বাজতেই পরাজয়ের হতাশায় নিমজ্জিত ইতালি দলের দিকে তাকিয়ে আঙুল দিয়ে ‘০-২’ স্কোরলাইন তুলে ধরেন লুকাকু। শুধু তাই নয়, কটু কথায় প্রতিপক্ষকে বিদ্রূপ করতেও ছাড়েননি এই বেলগায়ে ফরোয়ার্ড।
প্রতিপক্ষের ঘরের মাঠে এমন উদ্ধত আচরণ মেনে নিতে পারেননি ম্যানচেস্টার সিটির গোলরক্ষক দোন্নারুম্মা। মেজাজ হারিয়ে তিনি দ্রুত নিজ সীমানা ছেড়ে সেন্ট্রাল সার্কেলের দিকে তেড়ে যান এবং লুকাকুকে থামতে বলে কড়া ভাষায় এর প্রতিবাদ জানান। সেকেন্ডের ব্যবধানে দুই তারকার মুখোমুখি অবস্থান এবং আক্রমণাত্মক ভঙ্গি মাঠের পরিবেশকে রণক্ষেত্রে পরিণত করে।

পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে দুই দলের খেলোয়াড়েরা দ্রুত দৌড়ে এসে তাদের আলাদা করার চেষ্টা করেন। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে লুকাকুকে জড়িয়ে ধরে সরিয়ে নেয়ার চেষ্টা করেন ইতালির তরুণ ডিফেন্ডার ড্যানিয়েল মালদিনি।
ঘটনাস্থলে দুই দলের একাধিক খেলোয়াড় জমা হলে গোলযোগ আরও বেড়ে যায়। অবশেষে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা হাতাহাতি এড়াতে কড়া অবস্থান নেন ম্যাচ রেফারি।
শৃঙ্খলা ফেরাতে তিনি সংঘাতের প্রধান দুই কারিগর – রোমেলু লুকাকু এবং জানলুইজি দোন্নারুম্মা, উভয়কেই হলুদ কার্ড দেখান। একই সাথে বিশৃঙ্খলার মধ্যে জড়ায়ে পড়ার দায়ে মালদিনিকেও কার্ডের মুখোমুখি হতে হয়।












