ক্যারিবীয় ক্রিকেটে কালো মেঘের ছায়া!

ছন্দময় ক্রিকেট আর উদযাপনের সুরে মাতোয়ারা থাকত যে প্রাঙ্গণ, সেখানেই গভীর কালো মেঘের ছায়া ঘনীভূত হলো এবার। অভূতপূর্ব আর্থিক ধসের মুখে এসে দাঁড়িয়েছে ক্যারিবীয় ক্রিকেট।

ছন্দময় ক্রিকেট আর উদযাপনের সুরে মাতোয়ারা থাকত যে প্রাঙ্গণ, সেখানেই গভীর কালো মেঘের ছায়া ঘনীভূত হলো এবার। কারণ একটাই। অভূতপূর্ব আর্থিক ধসের মুখে এসে দাঁড়িয়েছে ক্যারিবীয় ক্রিকেট। নজিরবিহীন আর্থিক সংকট মোকাবিলায় একপ্রকার বাধ্য হয়েই তাই বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।

নতুন ঘোষণা অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটারদের রিটেইনার ফি ২৫ শতাংশ কমানো হয়েছে। আর ঘরোয়া ক্রিকেটারদের জন্য বার্ষিক চুক্তির মেয়াদ ১২ মাসের বদলে নামিয়ে আনা হয়েছে মাত্র সাত মাসে! সিডব্লিউআই বলছে, আর্থিক টানাপোড়েনে থাকা বোর্ডের ওপর নির্ভরশীল না হয়ে খেলোয়াড়দের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে অর্থ আয়ের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত!

তবে, এখানেই শেষ নয়! ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের আর্থিক লোকসানের হার এতটাই প্রকট যে, পুরুষদের ঐতিহ্যবাহী সুপার ফিফটি এবং নারীদের টি-টুয়েন্টি ব্লেইজের মতো ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনও স্থগিত করেছে তাঁরা। এর ফলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের প্রস্তুতিতেও বেশ পিছিয়ে পড়বেন ক্যারিবীয় ক্রিকেটাররা।

অবশ্য, সিডব্লিউআই চাইলেই কিছু করতে পারছে না। কেননা, লোকসানের পরিসংখ্যান এখন এমন পর্যায়ে উঠেছে যে, তা উপেক্ষা করার আর কোনো সুযোগ নেই ক্যারিবীয় ক্রিকেটের নীতিনির্ধারকদের। ফলে, ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে স্রেফ ইংল্যান্ড এ দলের বিপক্ষে সিরিজ খেলেই খেলোয়াড়দের ঝালিয়ে নিতে চায় ক্যারিবীয় বোর্ড।

গত ১৫ বছরে কেবল ঘরোয়া বিমান ভ্রমণের পেছনেই বোর্ডের পকেট থেকে খসেছে ৮০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি। অথচ বিপরীতে, বিমান সংস্থাগুলোর কাছ থেকে মেলেনি এক ডলারের স্পন্সরশিপও। বর্তমান সংকট সামাল দিতে তাই শর্তসাপেক্ষে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে ১৬ মিলিয়ন ডলার ঋণ নিচ্ছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী ক্রিস ডেয়ারিং স্বীকার করেছেন, আগের মতো সবকিছুর পুরো খরচ বহন করা তাদের পক্ষে আর সম্ভব নয়। তাই খেলোয়াড় সমিতি ও ক্রিকেটারদের সহযোগিতায় আর্থিক স্থায়িত্ব ফেরাতে এসব কঠোর পদক্ষেপ নিতে হচ্ছে বোর্ডকে।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে মাঠের পারফরম্যান্সের বাইরে এখন নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নামতে হচ্ছে ক্যারিবিয়ান ক্রিকেটকে। অর্থনৈতিক সংকটের এই পরিস্থিতি থেকে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ কীভাবে ঘুরে দাঁড়ায়, সেটিই এখন দেখার পালা!

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link