বেঙ্কেনস্টাইনের মন্ত্রে কি কাটবে ব্যাটিং খরা?

সফর ভালো কাটলে দীর্ঘ মেয়াদে তাঁকে রাখার কথাও শোনা যাচ্ছে, তবে তিনি নিজে এ নিয়ে ভাবতে চান না। তাঁর ভাষায়, "কে জানে! সময়ই বলবে।" কোচ পথ দেখাতে পারেন, কিন্তু মাঠে সেটা প্রমাণ করার দায় ব্যাটারদেরই।

বাংলাদেশের বোলাররা বিশ্বমঞ্চে যখন চোখ রাঙাতে শুরু করেছে, ব্যাটিং সমস্যা তখন দিনে দিনে বড় মাথাব্যথা হয়ে উঠেছে। গত কয়েক সিরিজে ভালো ফল এসেছে তখনই, যখন কোনো একজন ব্যাটার দাঁড়িয়ে বড় ইনিংস খেলেছেন। সবাই মিলে দলের জন্য খেলার সংস্কৃতিটা গড়ে ওঠেনি, ভরসা করতে হয় একজনের ওপরই।

দীর্ঘদিন পর ব্যাটিং কোচের জন্য আবারও ঘর ছেড়ে বিদেশে গেল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য স্বল্প মেয়াদে দলে যোগ দিয়েছেন ডেল বেঙ্কেনস্টাইন, আর তাঁর সামনে কাজটা সহজ নয়। বছরের পর বছর ধরে বাংলাদেশের যে ব্যাটিং সমস্যা ঘুরেফিরে আসছে, সেটা মেরামত করতে হবে হাতে গোনা কয়েক দিনের প্রস্তুতিতে।

ভাষার সুবিধা নিয়ে দীর্ঘদিন দেশি ব্যাটিং কোচই ছিলেন, কিন্তু সেভাবে উন্নতি আসেনি। বেঙ্কেনস্টাইন অবশ্য বাংলাদেশের কাছে অচেনা নন। ১৯৯৮ সালের আইসিসি নকআউট বিশ্বকাপে বাংলাদেশেই হয়েছিল তাঁর আন্তর্জাতিক অভিষেক, ২৩ ম্যাচের ক্যারিয়ারের শেষ ম্যাচটাও খেলেছেন বাংলাদেশের বিপক্ষে, ২০০২ সালে। প্রথম শ্রেণিতে করেছেন প্রায় ১৬ হাজার রান, কোচ হিসেবে কাজ করেছেন ডারহাম, ল্যাঙ্কাশায়ার ও দক্ষিণ আফ্রিকা জাতীয় দলে।

ব্যাটিংয়ের সমস্যাগুলো অভিজ্ঞ-নতুন সবার প্রায় একই। শুরুতে বল বুঝে টিকে থাকার চেষ্টা কম, আর টিকে গেলেও ইনিংস বড় হয় না। ফিফটি পেরোলেই কী যেন ভর করে, বড় শট খেলতে গিয়ে বা ব্রেন ফেইডে উইকেট বিলিয়ে আসেন অনেকে। ফলে দারুণ শুরুর পরও অল্প রানের ব্যবধানে হুড়মুড় করে উইকেট পড়া প্রায় নিয়মিত দৃশ্য।

বিপদে দায়িত্ব নেওয়া আর পরিস্থিতি বোঝার জায়গাতেও ঘাটতি আছে। কখন আগ্রাসী হতে হবে আর কখন ধরে খেলতে হবে, সেই বোঝাপড়া অনেক সময় মেলে না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে তিনশর বেশি রানের লক্ষ্যে দরকার ছিল গতি, অথচ মুশফিক ৪৯-এ পৌঁছে ফিফটির জন্য খেললেন প্রায় ছয় ওভার, শেষ পর্যন্ত পাননি। স্ট্রাইক ঘোরানোর অভ্যাসও কম। শুধু বাউন্ডারির পেছনে ছুটলে চাপ নিজের ঘাড়েই আসে, সিঙ্গেল-ডাবলে রান এলে সেটা চলে যায় বোলারের দিকে। টেল এন্ডার ব্যাটারদের নিয়ে খেলার সময় সিনিয়ররা আবার সিঙ্গেল নিয়ে অনভিজ্ঞ সঙ্গীকে স্ট্রাইকে পাঠিয়ে দেন, আর সেখানেই উইকেট যায়।

দক্ষিণ আফ্রিকার কন্ডিশন নিয়ে বেঙ্কেনস্টাইনের ধারণা পরিষ্কার। তাঁর কথায়, “আমি মনে করি, ব্যাটিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভিন্ন ধরনের বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়া।” শুরুর দিকের দুর্বলতা নিয়ে বলেছেন, “আমরা লাঞ্চের পর শুরু করতে চাই না, আমরা প্রথম বল থেকেই খেলতে চাই এবং নিশ্চিত করতে চাই যে, আমরা যেন পুরোপুরি সজাগ থাকি।”

তিন দিনের অনুশীলনে সবকিছু বদলে ফেলা যে কঠিন, সেটা মেনে নিয়ে তাই জোর দিচ্ছেন মানসিক প্রস্তুতিতে। মাথার পাশ দিয়ে বল উড়ে গেলে ঘাবড়ে না গিয়ে নিজের স্কিলে ভরসা রাখতে হবে। এই ব্যাটিং গ্রুপকে তিনি খুবই প্রতিভাবান ও টেকনিক্যালি দক্ষ বলছেন।

সফর ভালো কাটলে দীর্ঘ মেয়াদে তাঁকে রাখার কথাও শোনা যাচ্ছে, তবে তিনি নিজে এ নিয়ে ভাবতে চান না। তাঁর ভাষায়, “কে জানে! সময়ই বলবে।” কোচ পথ দেখাতে পারেন, কিন্তু মাঠে সেটা প্রমাণ করার দায় ব্যাটারদেরই।

Share via
Copy link