আফগানদের মত এমন নিখুঁত অভিনয় নি:সন্দেহে আর কোনো দেশের ক্রিকেটাররাই করতে পারেন না! তেমনই এক মঞ্চায়ন আবারও হল শারজাহতে। আফগানরা দারুণ লড়াই করলেও, দিন শেষে তাঁদের অহেতুক নষ্ট করাই কাঠগড়ায় উঠল।
শারীরিক অস্বস্তিতে সাময়িক বিরতি নিতেই পারেন ক্রিকেটাররা। কিন্তু সেই বিরতি যদি প্রতিপক্ষের ছন্দ নষ্ট করার কৌশল হয়ে ওঠে, তখন প্রশ্ন উঠবেই। আর আফগান ক্রিকেটারদের এমন নাটকীয়তা যেন নতুন কিছু নয়!
জিম্বাবুয়ের বিপক্ষে শারজাহতে দেখা গেল তেমন দৃশ্য। শেষ দিনে আফগানদের দ্বিতীয় ইনিংসের ১২৪তম ওভারে ব্যাট করছিলেন নাসির খান মারুফখিল। ব্রায়ান বেনেট ইভান্সের বলটি রক্ষণাত্মকভাবে সামলানোর পর হঠাৎই ক্র্যাম্পের অজুহাতে ব্যথায় কাতরাতে শুরু করেন তিনি। মাঠে তখন কী সত্যিই চোট পেয়েছেন, নাকি সময় নষ্টের চেষ্টা, তা নিয়ে সংশয় তৈরি হয়। ধারাভাষ্যেও উঠে আসে বিষয়টি।

এমনকি ড্রেসিংরুমে বসে কাইস আহমেদের হাসিও চোখ এড়ায়নি। ক্যামেরা বারবার তাঁর দিকেই ঘুরিয়ে নেওয়া হচ্ছিল। কারণটাও পরিস্কার। কারণ, মাত্র এক মাস আগে এই আরব আমিরাতে বসে একই ঘটনা এই কাইস আহমেদই ঘটিয়েছিলেন বাংলাদেশের বিপক্ষে। সেই ঘটনা মনে করেই সম্ভবত হাসি লুকাতে পারেননি এই আফগান।
মারুফখিল ব্যক্তিগতভাবে সেঞ্চুরি করলেও দলকে পরাজয়ের হাত থেকে বাঁচাতে পারেননি। জিম্বাবুয়ের কাছে ৫৭ রানে হারতে হয়েছে আফগানিস্তানকে। তবে ম্যাচের ফলের বাইরেও আলোচনায় জায়গা করে নিয়েছে বারবার ব্যথায় কাতরানোর এই ঘটনা। সত্যিকারের চোট নাকি প্রতিপক্ষের মনোযোগ নষ্ট করার কৌশল, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
আফগানিস্তানের এমন কাণ্ড অবশ্য নতুন নয়। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও একই ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছিলেন গুলবাদিন নাইব। বৃষ্টির আশঙ্কায় খেলা বন্ধের পরিস্থিতি তৈরি হওয়ার সময় ফিল্ডিং করতে গিয়ে হঠাৎ হ্যামস্ট্রিংয়ে টান লাগার ভঙ্গি করেছিলেন তিনি। ঘটনাটি নিয়ে তখন কম আলোচনা হয়নি। এবার শারজাহতে যেন সেই পুরোনো স্মৃতিই ফিরে এল।

এমন পরিস্থিতিতে ক্রিকেটের আইন আরও কঠোর করার দাবিও উঠেছে। ফুটবলে ফিফার মতো নিয়ম চালুর প্রস্তাব দিয়েছেন কেউ কেউ। চোটের কারণে মাঠ ছাড়লে অন্তত এক মিনিটের জন্য বাইরে থাকতে হবে, এমন নিয়ম চালু করা যেতে পারে। একই সঙ্গে আম্পায়ারদেরও আরও সাহসী হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো ক্রিকেটার বারবার খেলা থামানোর চেষ্টা করলে তাঁকে রিটায়ার্ড হার্ট হিসেবে মাঠের বাইরে পাঠানোর ক্ষমতা থাকা উচিত।










