এক ইনিংসে ৯১ আরেক ইনিংসে ৪৯৪ রান হাতে আরও তিন উইকেট আছে, আপনি ভাবতেই পারেন খেলাটা ভিন্ন পিচে হচ্ছে? তবে ভাবনাটা ভুল, একই পিচে বাংলাদেশও খেলেছে, দক্ষিণ আফ্রিকাও খেলছে। পার্থক্য গড়েছে বাংলাদেশের অপারগতা।
৮৮ রানে এক উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের থেকে পিছিয়ে ছিল তিন রান দূরে। হিসাবটাই বুঝিয়ে দিচ্ছিল স্বাগতিকরা রানের পাহাড় গড়তে যাচ্ছে। যার নিচে চাপা পড়বে আত্মবিশ্বাসহীন বাংলাদেশ।
মারকুইস অ্যাকারম্যান আর জুবায়ের হামজা মিলে আফ্রিকার ইনিংস গড়তে শুরু করেন। ২৭ রান করা হামজাকে থামান খালেদ আহমেদ। তবে অ্যাকারম্যানকে আর থামাতে পারেনি কেউ। আপন গতিতে ছুটতে থাকেন তিনি। ব্যাট চালাতে থাকেন ওয়ানডে মেজাজে।

টনি ডি জর্জির সাথে গড়ে তোলেন ৭৪ রানের জুটি। অ্যাকারম্যানকে থামেন কাটায় কাটায় ১৫০ রান তুলে। বাংলাদেশের জন্য ত্রাতা হয়ে আসেন শরিফুল ইসলাম, তবে ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে।
এরপর আরও চারখানা জুটি ভাঙে বাংলাদেশ। তবে একটাও ৩০-এর নিচে ছিল না। বরং ৯২ এবং ১০৬ রানের জুটিও আছে। অর্থাৎ প্রতিটা জুটি ভাঙতেই বাংলাদেশের বোলারদের বেগ পেতে হয়েছে। তাঁর মধ্যে আরও একটা সেঞ্চুরি তুলে নিয়েছেন উইয়ান মুল্ডার। অথচ এই একই উইকেটে ব্যাট করেছিল বাংলাদেশ, যেখানে সংগ্রহটা মাত্র ৯১ রান।
দক্ষিণ আফ্রিকা দিনশেষ করেছে ৪৯৪ রান নিয়ে, লিডটা ৪০৩ রানের। অনেকে মজা ছলে বলেন, বাংলাদেশ ব্যাটে নামলেই যেন বোলিং পিচ হয়ে যায়। মজার হলো, কথাটা সত্যই হয়ে দাঁড়িয়েছে। একই উইকেটে ছড়ি ঘোরায় দক্ষিণ আফ্রিকা, সেখানে বাংলাদেশের যোজন যোজন পিছিয়ে।











