পড়াশোনায় কেমন ছিলেন লিওনেল মেসি?

ফুটবল নামক শিল্পের ক্যানভাসে লিওনেল মেসি যে কতটা নিখুঁত শিল্পী, তা নতুন করে বলার কিছু নেই। কিন্তু স্কুলের খাতা-কলমে কেমন ছিলেন এই ফুটবল জাদুকর? কোন বিষয়ে ছিল তাঁর সবচেয়ে বেশি দখল, আর কোন বিষয়েই বা একটু পিছিয়ে ছিলেন আর্জেন্টাইন মহাতারকা?

ফুটবল মাঠে লিওনেল মেসির পায়ের জাদুতে মুগ্ধ হয়েছে প্রজন্মের পর প্রজন্ম। কখনো ড্রিবলিংয়ের কারুকাজে প্রতিপক্ষকে বোকা বানিয়েছেন, কখনো নিখুঁত পাসে সতীর্থকে বানিয়েছেন গোলের নায়ক। ফুটবল নামক শিল্পের ক্যানভাসে লিওনেল মেসি যে কতটা নিখুঁত শিল্পী, তা নতুন করে বলার কিছু নেই। কিন্তু স্কুলের খাতা-কলমে কেমন ছিলেন এই ফুটবল জাদুকর? কোন বিষয়ে ছিল তাঁর সবচেয়ে বেশি দখল, আর কোন বিষয়েই বা একটু পিছিয়ে ছিলেন আর্জেন্টাইন মহাতারকা?

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে মেসির স্কুলজীবনের একটি নম্বরপত্র। ফুটবল মাঠের রাজাধিরাজের ছাত্রজীবনের সেই নথি ঘিরে এখন চলছে আলোচনা। নম্বরপত্রটি মেসির সপ্তম শ্রেণিতে পড়ার সময়কার। তখন তাঁর বয়স মাত্র ১৩ বছর। রোজারিওর ৬৬ নম্বর জেনারেল লাস হেরাস স্কুলের শিক্ষার্থী ছিলেন। নম্বরপত্রের দিকে তাকালে অবশ্য মেসির ফুটবলীয় ভবিষ্যতের একটা ছোট্ট ইঙ্গিত খুঁজে পাওয়া যায়।

শারীরিক শিক্ষায় দশে দশ পেয়েছিলেন তিনি। অর্থাৎ এই বিষয়ে ছিলেন একেবারে নিখুঁত। শিল্প ও সংগীতে পেয়েছিলেন আট নম্বর। আর গণিত, ভাষাশিক্ষা, সমাজবিজ্ঞান, বিদেশি ভাষা এবং প্রযুক্তিতে তাঁর প্রাপ্ত নম্বর ছিল ছয় করে। নৈতিকতা ও নাগরিক শিক্ষায় পেয়েছিলেন সাত।

সেসময়ের একজন ভবিষ্যৎ কিংবদন্তির স্কুলজীবনের ফলাফল দেখলে খুব বেশি বিস্মিত হওয়ার কিছু নেই। কারণ, মেসি নিজেও কখনো পড়াশোনায় নিজের অসাধারণত্বের দাবি করেননি। বরং তাঁর শৈশবের গল্পে বারবার উঠে এসেছে ফুটবলের প্রতি অদম্য টান। ক্লাসের পড়ার চেয়ে মাঠের সবুজ ঘাসই যেন বেশি টানত তাঁকে। যে বয়সে অন্য শিশুরা পড়াশোনা আর খেলাধুলার মধ্যে ভারসাম্য খুঁজে বেড়ায়, মেসি তখন ফুটবলকেই বানিয়ে নিয়েছিলেন জীবনের সবচেয়ে বড় ব্যস্ততা।

তবে ফুটবল তাঁকে কখনোই নিজের শেকড় ভুলিয়ে দেয়নি। রোজারিওর সেই লাস হেরাস স্কুলের সঙ্গে সম্পর্কটাও ধরে রেখেছেন মেসি। বিশ্বজোড়া খ্যাতি পাওয়ার পর একাধিকবার ফিরে গেছেন শৈশবের শিক্ষাপ্রতিষ্ঠানে। স্কুলটির জন্য দিয়েছেন বিভিন্ন অনুদান। তাঁর সহায়তায় সেখানে যুক্ত হয়েছে কম্পিউটার, টেলিভিশন ও সাউন্ড সিস্টেম। সংস্কার করা হয়েছে মাঠের বেঞ্চগুলোও, যেখানে একসময় বিরতির ঘণ্টা বাজলেই বন্ধুদের সঙ্গে ফুটবলে মেতে উঠতেন ছোট্ট লিও।

সেই ছেলেটিই এখন বিশ্বকাপজয়ী অধিনায়ক, অসংখ্য শিরোপার মালিক। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে যার নাম উচ্চারিত হয়। অথচ স্কুলের নম্বরপত্র বলছে, সব বিষয়ে সেরা হওয়ার কোনো বাধ্যবাধকতা ছিল না তাঁর। গণিত কিংবা ভাষাশিক্ষায় হয়তো খুব একটা উজ্জ্বল ছিলেন না, কিন্তু নিজের ভালোবাসার জায়গায় ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। শারীরিক শিক্ষায় পাওয়া সেই দশে দশ যেন অনেক আগেই জানিয়ে দিয়েছিল, এই ছেলেটির আসল শ্রেণিকক্ষ হবে ফুটবল মাঠ। যেখানে তিনিই হবেন সর্বেসর্বা।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link