৯১ বলে ২৩৩ রান, ২৫টা ছক্কার সঙ্গে ১৫টা চার। অবিশ্বাস্য ঠেকছে না? এই অবিশ্বাস্য কাণ্ডটাই ঘটিয়েছেন অভিষেক শর্মা। পাঞ্জাব ইন্টার-ডিস্ট্রিক্ট সিনিয়র টুর্নামেন্টে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন। বোধহয় আন্তর্জাতিক ক্রিকেটের ব্যর্থতার ক্ষোভ ঠিকরে বের হচ্ছিল ব্যাট থেকে।
অমৃতসরের হয়ে খেলতে নেমেছিলেন। প্রতিপক্ষ টার্ন টারন। আর পাঁচটা স্বাভাবিক দিনের মতোই সবটা শুরু হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই স্বাভাবিক দিনটা হয়ে যায় অভিষেকের। এরপর কী হতে পারে, তা তো সবারই জানা। তাঁর ব্যাট যেদিন জ্বলে ওঠে, প্রতিপক্ষের কোনো বোলারের সাধ্য নেই সামনে দাঁড়ানোর। তাই-ই হলো।

১৫টি চার ও ২৫টি ছক্কায় সাজানো তাঁর ইনিংস। ২৫৬.০৪ স্ট্রাইক রেটে খেলা এই বিধ্বংসী ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৫৩৩ রানের বিশাল সংগ্রহ গড়ে অমৃতসর।
গেল বেশ কিছুদিন ধরেই সময়টা খুব একটা নিজের পক্ষে নেই অভিষেকের। জাতীয় দলের হয়ে টানা ব্যর্থতা তাঁকে সমালোচনার তীরে বিদ্ধ করেছে। সেই প্রভাব র্যাঙ্কিংয়েও ধরা দিয়েছে। আইসিসির টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে একসময় এক নম্বরে থাকলেও বর্তমানে তিনি নেমে গেছেন তিন নম্বরে। সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সফরে তিন ইনিংসে করেছেন মাত্র ১১ রান, গড় ছিল ৩.৬৬।

এর মধ্যেই এমন ইনিংস নিঃসন্দেহে তাঁর ভঙ্গুর আত্মবিশ্বাসকে আবারও জাগ্রত করবে। এখন দেখার, স্থানীয় ক্রিকেট ম্যাচের এই ঝলকটা আন্তর্জাতিক পর্যায়ে টেনে নিতে পারেন কি না অভিষেক।
Share via:










