ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই এখন চূড়ান্ত অঙ্কে। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মঞ্চ প্রস্তুত। যেখানে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে লড়বে চার পরাশক্তি – আর্সেনাল, অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ এবং পিএসজি। সমানে সমান এই রণক্ষেত্রে কার রণকৌশল শেষ পর্যন্ত ‘বিগ ইয়ার্স’ ট্রফিটি জয় করবে, তা নিয়ে ফুটবল অনুরাগী ও বিশেষজ্ঞদের জল্পনার শেষ নেই।
মানুষের এই চিরাচরিত তর্কে এবার যুক্ত হয়েছে প্রযুক্তির নিঁখুত বিচার। গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘জেমিনি’ তার তথ্য-উপাত্তের বিশ্লেষণে জানিয়ে দিয়েছে এবারের সম্ভাব্য বিজয়ীর নাম।
জেমিনি এআই এর বিশ্লেষণী চোখ বলছে, প্রথম সেমিফাইনালে মিকেল আর্তেতার আর্সেনালের কাছে ম্লান হতে পারে সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। যদিও বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ ক্লাবটি তাদের লড়াকু মানসিকতার প্রমাণ দিয়েছে, কিন্তু গানারদের শৈল্পিক আক্রমণ আর বল দখলের আধিপত্যের সামনে তাদের রক্ষণব্যূহ ভেঙে পড়ার সম্ভাবনাই বেশি।

অন্যদিকে, পিএসজি এবং বায়ার্ন মিউনিখের মহাকাব্যিক লড়াইয়ে অভিজ্ঞতার পাল্লা ভারী রাখা হয়েছে জার্মান জায়ান্টদের দিকেই। এআই এর মতে, উসমান ডেম্বেলেদের তারুণ্যের গতিকে রুখে দেবে বায়ার্নের ধ্রুপদী ফুটবল। বড় ম্যাচের স্নায়ুচাপ সামলানোর দীর্ঘ অভিজ্ঞতা বায়ার্নকে পৌঁছে দেবে ফাইনালের দোরগোড়ায়।
ভবিষ্যদ্বাণীর অঙ্ক মিললে ফাইনালের মঞ্চে দেখা হবে আর্সেনাল এবং বায়ার্ন মিউনিখের। কিন্তু কার হবে সেই রুপালি ট্রফি? জেমিনি এআই এর রায় – হ্যারি কেন ও তাঁর বায়ার্ন মিউনিখই হতে যাচ্ছে এবারের ইউরোপ সেরা।
এআই এর গাণিতিক বিশ্লেষণ বলছে, ফাইনালের মঞ্চে আর্সেনাল হয়তো তাদের মুগ্ধকর পাসিং ফুটবলে বল দখলে এগিয়ে থাকবে, কিন্তু বায়ার্নের শারীরিক শক্তি আর প্রাণঘাতী কাউন্টার অ্যাটাকের কাছে তাদের নতিস্বীকার করতে হবে। মূলত ঐতিহ্যের অভিজ্ঞতাই আর্সেনালের তারুণ্যের উচ্ছ্বাসকে ছাপিয়ে যাবে। বায়ার্ন জানে কীভাবে বড় মঞ্চে অটল থাকতে হয়, আর সেখানেই হয়তো অনভিজ্ঞতার মাসুল গুনতে হবে আর্সেনালকে।












