কভেন্ট্রিকে উড়িয়ে শুভসূচনা করলো আর্সেনাল

কভেন্ট্রিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে নতুন আসরের প্রথম ম্যাচেই পূর্ণ পয়েন্ট তুলে নিয়েছে মিকেল আর্তেতার দল।

​ঠিক যেখান থেকে গত আসরের প্রিমিয়ার লিগ শেষ করেছিল আর্সেনাল, ঠিক সেখান থেকেই আবারও ২০২৬-২৭ আসরের সূচনা করলো তারা। কভেন্ট্রিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে নতুন আসরের প্রথম ম্যাচেই পূর্ণ পয়েন্ট তুলে নিয়েছে মিকেল আর্তেতার দল।

​ঘরের মাটিতে গত আসরের শেষ ম্যাচে বার্নলির বিপক্ষে শেষ গোলটি করেছিলেন কাই হাভার্টজ। নতুন আসরে এমিরেটস স্টেডিয়ামে সূচনাটাও হলো এই জার্মান তারকার গোলেই। ম্যাচের ১৫তম মিনিটে সেন্টার অব দ্য বক্স থেকে বাঁ পায়ের নিখুঁত শটে আর্সেনালকে এগিয়ে নেন তিনি।

গোলের পর আক্রমণের ধার আরও বাড়ায় গানার্সরা। প্রথম ম্যাচেই বাঁ প্রান্তে অভিষেক ঘটানো ক্রিস্টোস জোলিস দুর্দান্ত পারফর্ম করেন। ম্যাচের ২৩তম মিনিটে তার বানিয়ে দেওয়া চমৎকার নিচু ক্রস থেকেই অসাধারণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন বুকায়ো সাকা। সাকা-জোলিস-হাভার্টজদের নিয়ে গড়া আর্সেনালের আক্রমণভাগ পুরো ম্যাচেই প্রতিপক্ষ রক্ষণে ত্রাস সৃষ্টি করে।

​দুই গোলে পিছিয়ে পড়া কভেন্ট্রি ম্যাচের ৪২তম মিনিটে ব্যবধান কমানোর দারুণ সুযোগ পায়। চাউনার এক চোখ ধাঁধানো ওভারহেড কিক আর্সেনাল গোলরক্ষক রায়াকে পরাস্ত করলেও বল ক্রসবারে লেগে জালের ওপর আছড়ে পড়ে।

​দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় আর্সেনাল। ৪৯তম মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে নিজের প্রথম ও দলের তৃতীয় গোলটি করেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড।

৮২তম মিনিটে ননি মাদুয়েকের অ্যাসিস্ট থেকে ডি-বক্সের বাইরে থেকে গাব্রিয়েল মাগালহায়েসের বাঁ পায়ের একটি শট গোলপোস্টের ওপর দিয়ে চলে যায়। এই সুযোগটি মিস হলেও শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় এবং অল-রাউন্ড পারফর্ম্যান্সের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link