পাকিস্তানকে রুখে দিল বাংলাদেশ!

নিগারের ব্যাট থেকে আসে ৩৬ রানের ইনিংস। শেষে স্বর্ণা আক্তারের ২২ বলে ৩৯ রানের গতিময় ইনিংসে বাংলাদেশ ২০ ওভার শেষ করে ছয় উইকেটে ১২৩ রান তুলে।

স্বস্তি, আনন্দ আর স্বপ্ন বাঁচিয়ে রাখার এক দুর্দান্ত জয়। চাপে থাকা মুহূর্তে দারুণ লড়াই করে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মঞ্চে গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে নিল বাংলাদেশের বাঘিনীরা। তবে এই জয় এতটা সহজে ধরা দেয়নি।

একটা পর্যায়ে যখন মনে হচ্ছিলো ম্যাচ হাতের বাইরে চলে যাচ্ছে, ঠিক তখনই গর্জে উঠলো বাংলার বাঘিনীরা। দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে নাকানিচুবানি খাইয়ে ছিনিয়ে আনলো মহামূল্যবান এক জয়। অস্ট্রেলিয়ার সাথে পরাজয়ের পর এমন জয় বাংলাদেশের নারীদের বিশ্বকাপের মধ্যে এনে দিল স্বস্তির বাতাস।

হারের বৃত্ত থেকে বের হতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক। তবে, টপ-অর্ডারের কাছ থেকে আশানুরূপ কোনো ইনিংস পাওয়া যায়নি। প্রথম তিন ব্যাটারের কেউই স্পর্শ করতে পারেননি দুই অংকের ঘর। 

কাপ্তান নিগার সুলতানা তখন সংকট সামাল দিতে শুরু করেন সোবহানা মোস্তারিকে সাথে নিয়ে। নিগারের ব্যাট থেকে আসে ৩৬ রানের ইনিংস। শেষে স্বর্ণা আক্তারের ২২ বলে ৩৯ রানের গতিময় ইনিংসে বাংলাদেশ ২০ ওভার শেষ করে ছয় উইকেটে ১২৩ রান তুলে।

তাড়া করতে নেমে শুরুটা অবশ্য মনের মতোই হয়েছিল পাকিস্তানের নারীদের। দুই ওপেনার মিলে যোগ করেন ৪৯ রান। তবে, এরপরই তাসের ঘরের মতো ভেঙে যেতে থাকে পাকিস্তানেরর ব্যাটিং লাইনআপ। 

সানজিদা আক্তার মেঘলা, নাহিদা আক্তারদের বোলিংয়ের সামনে খাবি খেতে খেতে সহজ লক্ষ্যই দুঃসাধ্য বানিয়ে ফেলে পাকিস্তান। কোনো ব্যাটারই আর শক্ত পায়ে দাঁড়াতে পারেননি। মেঘলা আর নাহিদা উভয়েই নেন সমান তিনটি করে উইকেট। পাকিস্তানকে শেষ পর্যন্ত থমকে যেতে হয় আট উইকেট হারিয়ে মাত্র ১০০ রানে।  

বাংলাদেশের রান কিছুটা কম হয়ে গিয়েছিল। কিন্তু, বোলারদের অনবদ্য পারফরম্যান্সের সামনে তা আর বাধা হয়ে দাঁড়ায়নি। ২৩ রানের জয়ে টিকে রইলো নকআউটে যাওয়ার সম্ভাবনা। তিন ম্যাচে দুই জয়ে বাংলাদেশ উঠে গেল পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে।

  

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link