ফরম্যাট যা-ই হোক, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং সবসময়ই ফিল্ডিংয়ে দাঁড়াতেন স্লিপে। পজিশনটি থেকে তার নেওয়া অবিশ্বাস্য সব ক্যাচগুলো এখনও দর্শকদের দোলা দেয়। সেই স্লিপ ক্যাচই আবার এল আলোচনার কেন্দ্রে। তবে গল্পের চরিত্রে এবার ব্রায়ান ডিভাইন নামের এক ক্রিকেটার। এক ভুলেই তিনি পেয়ে গেছেন ‘ক্লিকি পন্টিং’ তকমা!
ঘটনাটি ঘটেছে ২৫ জুলাই ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ার লিগে সল্টবার্ন বনাম নর্টন ক্রিকেট ক্লাবের দ্বিতীয় বিভাগের এক ম্যাচে। ৩৮ বছর বয়সী ব্রায়ান স্লিপে দাঁড়িয়ে যা করেছেন, তা রীতিমতো শিল্পতুল্য জালিয়াতি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায়, নর্টন ব্যাটার নোমান শাবিরের পাশ দিয়ে বল যাওয়ার সময় ব্রায়ান তার আঙুল দিয়ে একটি তীক্ষ্ণ তুড়ি বাজান। যা ছিল হুবহু ব্যাটের কানায় বল লাগার শব্দের মতো। পরে বলটি লুফে নেন উইকেটকিপার জশ বোয়েস।
এই সূক্ষ্ম জোচ্চুরি ধরার ক্ষমতা মাঠের আম্পায়ারের হয়নি। সল্টবার্ন ক্রিকেটাররা আবেদন জানাতেই আউটের সংকেত দেন তিনি। কিন্তু ডিজিটাল যুগে কিছুই আর গোপন থাকে না। ব্রায়ানের এই অদ্ভুত কারসাজির ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াগুলোতে। ইতিমধ্যে ৭৫ লাখের বেশি মানুষ এটি দেখেছেন।

ঘটনাটি নিয়ে নর্থ ইয়র্কশায়ার এবং সাউথ ডারহাম ক্রিকেট লিগ এরইমধ্যে তদন্তে নেমেছে। সল্টবার্ন কর্তৃপক্ষও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ব্রায়ানকে অনির্দিষ্টকালের জন্য সকল ধরনের খেলা থেকে নিষিদ্ধ করেছে। এ ঘটনার কারণে ইতিমধ্যে ২৯ জুলাই মার্টনের বিপক্ষে থাকা নির্ধারিত ম্যাচটিতে সল্টবার্নকে পরাজিত দেখিয়েছে লিগ কর্তৃপক্ষ।
সল্টবার্ন নর্থ ইয়র্কশায়ার দ্বিতীয় বিভাগের লিগে এই মৌসুমে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। উইকেটের পেছনে দূর্দান্ত ফর্মে রয়েছেন বোয়েস। জুলাইতেই শিলডন রেলওয়ে ক্রিকেট ক্লাবের বিপক্ষে এক ম্যাচে আটটি ক্যাচ নেন স্টাম্পের পেছন থেকে তিনি। টেস্টে এক ম্যাচে এত বেশি ক্যাচ নেওয়ার নজির আর কোনো উইকেটকিপারের নেই! ‘ক্লিকি পন্টিং’ কাণ্ডের পর স্বাভাবিকভাবেই এখন এসব নিয়েও প্রশ্ন উঠছে।
এক সময়ে ‘জেন্টলম্যান’স গেম’ বলে পরিচিত ক্রিকেট কি তবে এখন চতুর জোচ্চুরির মঞ্চে পরিণত হচ্ছে? ব্রায়ানের এই ঘটনা ক্রিকেটীয় উন্মাদনার মুখে যেন এক বড় চপেটাঘাত হয়েই থাকবে।











