হাল্যান্ড, দ্য গোলমেশিন

আর্লিং ব্রাউট হাল্যান্ড! নামটা উচ্চারণ করলেই প্রতিপক্ষের রক্ষণভাগে একটা কম্পন তৈরি হয়।

আর্লিং ব্রাউট হাল্যান্ড! নামটা উচ্চারণ করলেই প্রতিপক্ষের রক্ষণভাগে একটা কম্পন তৈরি হয়। মাঠের ঘাস ফুঁড়ে যখন এই নরওয়েজীয় দানব দৌড় শুরু করে, তখন তাকে কোনো সাধারণ স্ট্রাইকার মনে হয় না। মনে হয় সে এক আদিম শক্তি, গোল করার এক গোলকধাঁধাহীন সমীকরণ।

২০০০ সালের জুলাই মাসে ইংল্যান্ডের লিডসে জন্ম নিলেও হাল্যান্ডের ধমনীতে বইছে নরওয়ের কনকনে ঠান্ডা হাওয়া। বাবা আল্ফ-ইঙ্গে হাল্যান্ড ছিলেন পেশাদার ফুটবলার, মা গ্রি মারিতা ব্রাউট অ্যাথলেট। ফলে গতি আর পেশীর জোর হাল্যান্ডের জিনেই ছিল। কিন্তু নরওয়ের ব্রাইনে শহরের বরফাবৃত মাঠে যে ছেলেটি বড় হচ্ছিল, তার লক্ষ্য শুধু ফুটবলার হওয়া ছিল না। তার লক্ষ্য ছিল গোলপোস্টের ভেতরের জালটাকে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত করা।

ছোটবেলা থেকেই হাল্যান্ড যেন এক ভিন্ন গ্রহের চরিত্র। লম্বা চওড়া শরীর, অথচ চিতার মতো গতি। যখন সে আরবি সালজবুর্গ কিংবা বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ইউরোপ কাঁপাতে শুরু করল, ফুটবল বিশ্ব থমকে দাঁড়িয়ে দেখল এক নতুন যুগের সূচনা। ম্যানচেস্টার সিটিতে এসে পেপ গার্দিওলার নিখুঁত দাবা বোর্ডে সে হয়ে উঠল সবচেয়ে মারাত্মক ‘কিং’। একের পর এক রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দেওয়া যার স্বভাব, তার চোখের ক্ষুধা কিন্তু এখনো মেটেনি।

সামনেই ২০২৬ ফিফা বিশ্বকাপ। আমেরিকা, কানাডা আর মেক্সিকোর সবুজ গালিচায় যখন বিশ্বসেরার মুকুট পরার লড়াই চলবে, তখন ফুটবল রোমান্টিকদের চোখ থাকবে এই নরওয়েজীয় দানবের ওপর।

​নরওয়ের ফুটবল ইতিহাস খুব একটা সমৃদ্ধ নয়। ১৯৯৮ সালের পর তারা আর বিশ্বকাপের মঞ্চে পা রাখতে পারেনি। কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন। হাল্যান্ডের কাঁধে ভর করে এক নতুন স্বপ্ন দেখছে উত্তর ইউরোপের এই দেশটি।

এই বিশ্বকাপ হাল্যান্ডের জন্য শুধু একটা টুর্নামেন্ট নয়, এটি তার মহাকাব্যের সবচেয়ে বড় অধ্যায়। ফুটবলারদের শ্রেষ্ঠত্ব কেবল ক্লাবের জার্সিতে মাপা যায় না, ইতিহাসের অমরত্ব পেতে হলে দেশের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে গর্জে উঠতে হয়। হাল্যান্ড সেটা জানেন।

বাছাইপর্বে দুর্দান্ত খেলা নরওয়েকে এবার অনেকেই আন্ডারডগ হিসেবে সমীহা করছেন। আধুনিক ফুটবলের সব ব্যাকরণ ভেঙে চুরমার করতে প্রস্তুত নরওয়ের এই বরফপুত্র। বিশ্ববাসী, তৈরি থাকুন। আর্লিং হাল্যান্ডের মহাকাব্যিক উপাখ্যানের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়টিই হয়তো এবার চোখের সামনে মঞ্চস্থ হতে যাচ্ছে!

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link