পুনর্বাসন প্রক্রিয়া পুরোদমে চলছে ইমনের!

মিরপুরে বইছে স্বস্তির বাতাস। না সেটা সবার জন্য না, কেবল পারভেজ হোসেন ইমনের জন্য।

মিরপুরে বইছে স্বস্তির বাতাস। না সেটা সবার জন্য না, কেবল পারভেজ হোসেন ইমনের জন্য। পাকিস্তান সুপার লিগে খেলার সময় চোট পেয়েছিলেন। সেটা শেষ করে দিয়েছে পিএসএল অভিযান। এমনকি শঙ্কা ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাঁকে পাওয়া যাবে কিনা সেটা নিয়েও। সেই মেঘ বুঝি একটু একটু করে কেটে যাচ্ছে।

পিএসএলে বড় স্বপ্ন নিয়েই গিয়েছিলেন ইমন। শুরুটা আশাব্যঞ্জক না হলেও, নিজের খেলা শেষ ম্যাচে সক্ষমতার সবটা নিংড়ে দিয়েছিলেন। আস্থার প্রতিদান পেয়েছিল লাহোর কালান্দার্স। তবে এরপরই ইনজুরি এসে হানা দিল।

ফিল্ডিং করার সময় সতীর্থের সঙ্গে সংঘর্ষে পড়ে কাঁধে গুরুতর চোট পান ইমন। পরে এমআরআই রিপোর্টে ধরা পড়ে লিগামেন্ট টিয়ার। ফলাফল পিএসএলের অভিষেক আসর শেষ হয়ে যায় মাত্র তিন ম্যাচ খেলেই। তড়িঘড়ি করে দেশে ফিরতে হয় চিকিৎসা ও পুনর্বাসনের জন্য।

সেই ধাক্কা কাটিয়ে এখন আবার ধীরে ধীরে রিকভারির পথে তিনি। মিরপুরে চলছে তার নিয়ন্ত্রিত রিহ্যাব প্রোগ্রাম। তাকে দেখা গেছে ফিল্ডিং অনুশীলনে অংশ নিতে—পুরোপুরি ম্যাচ-ইনটেনসিটি নয়, তবে ক্যাচিং, থ্রো এবং হালকা মুভমেন্টে সক্রিয় ছিলেন তিনি।

স্বস্তির খবরটা এখানেই। সামনেই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। এই দলের গুরুত্বপূর্ণ সদস্য ইমন। পুনর্বাসন প্রক্রিয়া যেভাবে চলছে তাতে সিরিজ শুরুর আগেই ফিট ইমনকে পাওয়া সম্ভব। হাতে সপ্তাহ খানেক সময়ও পাবেন নিজেকে পুরোদমে ফিরিয়ে আনার জন্য। বাকিটা সময়ের হাতেই।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link