যার ঘূর্ণিতে নাচত ক্রিকেট, হাসত ইতিহাস!

মাঠের ভেতরে বা বাইরের বিতর্ক ছাপিয়ে তাই ২২ গজের এক অনবদ্য শিল্পীর নাম শেন ওয়ার্ন। যার কবজির ঘূর্ণিতে নাচত ক্রিকেট, হাসত ইতিহাস আর মুগ্ধ হত দর্শকদের মানস!

ক্যালেন্ডারের পাতায় ১৯৯৩ সাল। ওল্ড ট্র্যাফোর্ডের সবুজ গালিচায় অ্যাশেজ সিরিজে অভিষেক হলো এক তরুণ অজি লেগ স্পিনারের। কিন্তু কে জানত, এক যুগের ব্যবধানে সেই তরুণই মাঠটিতে টেস্ট ক্রিকেটের প্রথম ৬০০ উইকেট শিকারের অতিমানবীয় কীর্তি গড়বেন? হ্যাঁ, তিনিই শেন ওয়ার্ন!

২০০৫ সালে ওল্ড ট্র্যাফোর্ডের অ্যাশেজ ম্যাচটিতে মার্কাস ট্রেসকোথিকের উইকেট তুলে নিয়ে নিজের ক্যারিয়ারকে অনন্য উচ্চতায় নিয়ে যান ওয়ার্ন। তাঁর দুর্দান্ত ঘূর্ণির বল সুইপ করতে গিয়ে ট্রেসকোথিক পড়েন কাটারের ফাঁদে। ব্যাটের কানায় লেগে বল সোজা চলে যায় উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্টের গ্ল্যাভসে।

আর তাতেই লেখা হয় এক অবিস্মরণীয় ইতিহাস। টেস্টে প্রথম বোলার হিসেবে ৬০০ উইকেট শিকারের অনবদ্য মাইলফলক ছুঁয়ে ফেলেন এই অস্ট্রেলিয়ান বোলিং জাদুকর।

অথচ দুই বছর আগে ডোপিং নিষেধাজ্ঞায় থমকে গিয়েছিল ওয়ার্নের ক্যারিয়ার। কিন্তু ক্রিকেট থেকে দূরে থেকেও তিনি হারাননি তাঁর অদম্য জেদ। বরং নিজের বোলিংকে শানিত করে হয়ে উঠেছেন আরও পরিণত! ২০০৫ সালে মাঠে ফিরেই মাত্র ১৫ ম্যাচে ৯৬টি উইকেট তুলে নেওয়ার নজির তাই কেবলমাত্র শেন ওয়ার্নের। আজও এটি একক ক্যালেন্ডার ইয়ারে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্বরেকর্ড।

ক্রিকেট বোদ্ধাদের চোখে, ওল্ড ট্র্যাফোর্ডে ওয়ার্নের সেই ৬০০তম উইকেট শিকার স্রেফ পরিসংখ্যানের ধুন্ধুমার উচ্চতা ছিল না। বরং, এটি ছিল একজন লেগ স্পিনারের রাজকীয় পুনর্জন্মের গল্প! এটি তাঁর বোলিং ক্যারিয়ার এবং স্পিন বোলিংয়ের ইতিহাসকে নতুন আঙ্গিকে সংজ্ঞায়িত করার অনুষঙ্গ বটে!

অ্যাশেজের ইতিহাসে সর্বোচ্চ ১৯৫ উইকেট নিয়ে আজও অপ্রতিদ্বন্দ্বী অধিপতি হয়ে আছেন শেন ওয়ার্ন। রেকর্ড বইয়ে উইকেট শিকারির তালিকায় মুত্তিয়া মুরালিধরন শীর্ষে থাকলেও, সবার আগে ৬০০ ও ৭০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার কীর্তি শুধুই ওয়ার্নের।

মাঠের ভেতরে বা বাইরের বিতর্ক ছাপিয়ে তাই ২২ গজের এক অনবদ্য শিল্পীর নাম শেন ওয়ার্ন। যার আঙুলের ঘূর্ণিতে নাচত ক্রিকেট, হাসত ইতিহাস আর জুড়িয়ে যেত দর্শকের চোখ।

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link