পোর্ট-অ-প্রিন্সের কোনো এক হাসপাতালে, ২০০৯ সালের ৩ এপ্রিল। কেউ জানত না, সদ্যোজাত এই শিশুটার ভবিষ্যৎ লেখা হবে ক্যারিবিয়ান দ্বীপ থেকে হাজার হাজার মাইল দূরে, দক্ষিণ আমেরিকার এক দেশে, যে দেশে তার মতো গায়ের রঙের মানুষ খুঁজে পাওয়াই কঠিন।
নয় মাস বয়সে ভাগ্য মোড় নিল। তিন ভাইবোনের সঙ্গে তাকে কোলে তুলে নিল এক আর্জেন্টাইন পরিবার। প্রত্যেকেই আলাদা রক্তের, আলাদা মায়ের গর্ভের—কিন্তু সেদিন থেকে এক ছাদের নিচে, এক পরিবারের নাম নিয়ে বেড়ে ওঠা শুরু। ছেলেটার নাম রাখা হলো স্টিফেন। ডাকনাম দাঁড়াল “কিকি”—কারণ ছোটবেলায় নাকি মুখ দিয়ে অকারণেই বের হতো “কি-কি-কি” শব্দ। এমবাপ্পের সঙ্গে এই নামের কোনো সম্পর্ক নেই, সে কথা রামোস নিজেই হেসে উড়িয়ে দিয়েছেন বহুবার।
বুয়েনস আইয়ার্সের ভিয়া দেবোতোর এক পার্কে, মায়ের হাত ধরে প্রথম বল পায়ে ছোঁয়ানো। ছয় বছর বয়সে এক প্রতিবেশীর হাত ধরে পা রাখলেন ভেলেজ সার্সফিল্ডের অনুশীলন মাঠে। কে জানত, সেই সাধারণ এক আমন্ত্রণই একদিন ইতিহাসের পাতায় নাম তুলবে!

এই বছর ভেলেজের ষষ্ঠ বিভাগে বাঁ প্রান্তে যেন ঝড় তুলেছেন রামোস। ১২ গোল, তার মধ্যে এক ম্যাচেই চারটে—রাফায়েলার রক্ষণ সেদিন খুঁজে পায়নি কোনো উত্তর। বোকা জুনিয়র্সের বিপক্ষেও জ্বলে উঠেছে তার পা। প্রতিটা ড্রিবলে যেন প্রমাণ করতে চেয়েছেন, রক্ত যেখান থেকেই আসুক, প্রতিভা চেনে না কোনো সীমানা।
জুনের শেষে এজেইজার অনুশীলন মাঠে দাঁড়িয়ে ছিলেন কোচ ডিয়েগো প্লাসেন্তে। রামোসের প্রতিটা মুভমেন্ট দেখে যেন নিশ্চিত হচ্ছিলেন—এই ছেলেটাকে দলে দরকার। ডাক এলো অনূর্ধ্ব-১৭ জাতীয় দলে। আর সেই মুহূর্তেই লেখা হলো নতুন এক ইতিহাস—হাইতিতে জন্ম নেওয়া প্রথম কোনো ফুটবলার, যিনি পেলেন আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ানোর ডাক।
আর্জেন্টিনা—যে দেশে আফ্রিকান বংশোদ্ভূত মানুষ জনসংখ্যার এক শতাংশেরও কম, যে দেশের জাতীয় দলে এক শতাব্দীতে মাত্র দু’জন কৃষ্ণাঙ্গ ফুটবলার জায়গা পেয়েছেন—আলেহান্দ্রো দে লস সান্তোস, বিশ শতকের দুইয়ের দশকে, আর হেক্তর বালেই, ১৯৭৮ বিশ্বকাপজয়ী দলে। সেই দেশেই এবার এক হাইতিয়ান বংশোদ্ভূত কিশোর কড়া নাড়ছে ইতিহাসের দরজায়।

দ্বৈত নাগরিকত্ব আছে তার—আর্জেন্টাইন আর হাইতিয়ান, দুটোই। কিন্তু হৃদয়ে জায়গা একটাই। “আর্জেন্টিনা, সারাজীবনের জন্য”—হাইতির বিপক্ষে খেলার প্রশ্ন উঠতেই নির্দ্বিধায় বলে দিয়েছেন রামোস।
জৈবিক পরিবারের সঙ্গে কোনোদিন যোগাযোগ হয়নি তার। কিন্তু আক্ষেপ নেই—”ভাগ্য ভালো, এখানে খুব ভালো একটা পরিবার আমাকে দত্তক নিয়েছে, আর তাদের কারণেই আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে।”
স্বপ্নটা এখনো ছোট নয়—ভেলেজের মূল দলে অভিষেক, আর একদিন আলবিসেলেস্তের জার্সি গায়ে বিশ্বকাপের মঞ্চ। হাইতির ধ্বংসস্তূপ থেকে উঠে আসা এক শিশু, আজ স্বপ্ন দেখছে মেসি-দিবালাদের উত্তরসূরি হওয়ার। ফুটবল মাঝে মাঝে এমন গল্পই লেখে—যেখানে জন্মস্থান একটা কাকতালীয় ঘটনা মাত্র, আসল পরিচয় গড়ে ওঠে মাঠের লড়াইয়ে।











