হামজা-জিদানদের নিয়ে নতুন বাংলাদেশ!

ঢাকার শেরাটন হোটেলে জমকালো আয়োজনে উন্মোচিত হলো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর লোগো। সাফ, বাফুফে ও টাইটেল স্পনসর টেকনো একসঙ্গে ঘোষণা দিয়েছে—৪ থেকে ১৭ নভেম্বর ঘরের মাঠ ঢাকাতেই বসবে এবারের আসর। ২০১৮ সালের পর আবারও আয়োজক বাংলাদেশ। আর সেখান থেকেই প্রশ্নটা উঠছে—ঘরের মাঠে কি এবার শিরোপার স্বপ্ন সত্যি হবে?

ঢাকার শেরাটন হোটেলে জমকালো আয়োজনে উন্মোচিত হলো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর লোগো। সাফ, বাফুফে ও টাইটেল স্পনসর টেকনো একসঙ্গে ঘোষণা দিয়েছে—৪ থেকে ১৭ নভেম্বর ঘরের মাঠ ঢাকাতেই বসবে এবারের আসর। ২০১৮ সালের পর আবারও আয়োজক বাংলাদেশ। আর সেখান থেকেই প্রশ্নটা উঠছে—ঘরের মাঠে কি এবার শিরোপার স্বপ্ন সত্যি হবে?

দেশীয় অভিজ্ঞতা আর বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী প্রতিভার মিশেলে এবারের বাংলাদেশ দলকে ঘিরে প্রত্যাশা অনেক বেশি। তপু বর্মণ, জামাল ভূঁইয়া ও শেখ মোরসালিনদের সঙ্গে হামজা চৌধুরী, সামিত সোম এবং সম্ভাব্য নতুন প্রবাসী ফুটবলারদের সংযোজন দলটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। দ্রুত যদি নতুন মুখগুলোও যুক্ত হয়, তাহলে কোচ থমাস ডুলির হাতে বিকল্পের অভাব থাকবে না।

নতুনদের মধ্যে সবচেয়ে আলোচনায় ইংল্যান্ডভিত্তিক সেন্টার-ব্যাক জিদান ইউসুফ। তার বাংলাদেশি পাসপোর্টের প্রক্রিয়া শেষ হয়েছে। আক্রমণে যোগ হতে পারেন ১৯ বছর বয়সী উইঙ্গার এডাম আব্বাস, যিনি ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমিতে বেড়ে উঠে বর্তমানে বার্নলি অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলছেন। ফুলহাম অনূর্ধ্ব-২১ দলের উইঙ্গার ফারহান আলি ওয়াহিদেরও সেপ্টেম্বরে জাতীয় দলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও যুক্তরাষ্ট্রভিত্তিক ফরোয়ার্ড ট্রেভর ইসলামকে নিয়মিত পাওয়া যেতে পারে ২০২৭ সালের শুরু থেকে।

প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তির এই পরিকল্পনার পেছনে রয়েছেন থমাস ডুলি ও যুব উন্নয়ন প্রধান জেরার্ড জোনস। মরক্কো ফুটবল ফেডারেশনে কাজের অভিজ্ঞতা থাকা জোনস বাংলাদেশেও ডায়াস্পোরা প্রতিভা খুঁজে বের করার কাজ এগিয়ে নিচ্ছেন। ইতিমধ্যেই হামজা, সামিত, ফাহামিদুল ইসলাম, জায়ান আহমেদ ও কিউবা মিচেলের মতো ফুটবলাররা জাতীয় দলের অংশ হয়েছেন। বয়সভিত্তিক দলেও সুলিভান ভাইদের মতো প্রবাসী ফুটবলাররা নিজেদের প্রভাব দেখিয়েছেন।

তবে একটা বাস্তবতাও আছে। সাফ শুরু হবে নভেম্বরের ফিফা উইন্ডো খোলার আগেই। ফলে বিদেশভিত্তিক কয়েকজন ফুটবলারকে সময়মতো পাওয়া অনিশ্চিত। বাফুফেও স্বীকার করেছে, প্রয়োজনে তাদের ছাড়াই টুর্নামেন্ট শুরু করতে হতে পারে।

তবু দীর্ঘদিন পর বাংলাদেশের সামনে এমন একটি স্কোয়াড গড়ে ওঠার সুযোগ এসেছে, যেখানে অভিজ্ঞ দেশীয় ফুটবলার আর সম্ভাবনাময় প্রবাসী প্রতিভার দারুণ সমন্বয় দেখা যাচ্ছে। এখন দেখার বিষয়, ঘরের মাঠের সমর্থন আর এই নতুন শক্তির মিশেল শেষ পর্যন্ত বাংলাদেশকে বহু প্রতীক্ষিত সাফের শিরোপা এনে দিতে পারে কি না।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link