বিশ্বকাপের আগে ইনজুরি শঙ্কায় মেসি

বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে ফুটবলবিশ্বে এক বড় ধাক্কা! ইন্টার মিয়ামির হয়ে খেলার সময় হঠাৎ বাম পা চেপে ধরে মাঠ ছাড়লেন লিওনেল মেসি।

বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে ফুটবলবিশ্বে এক বড় ধাক্কা! ইন্টার মিয়ামির হয়ে খেলার সময় হঠাৎ বাম পা চেপে ধরে মাঠ ছাড়লেন লিওনেল মেসি। বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে এই মহাতারকার মাঠ ছাড়ার দৃশ্য আলবিসেলেস্তদের মনে বড় ধরনের আতঙ্ক তৈরি করেছে।

​রবিবার ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মিয়ামির ৬-৪ ব্যবধানে জেতা ম্যাচটিতে ঘটে এই ঘটনা। মিয়ামির বৃষ্টিভেজা মাঠে ম্যাচের ৭৩তম মিনিটে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি বোধ করেন মেসি। ফলে নিজেই মাঠ থেকে উঠে যাওয়ার অনুরোধ করেন ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি। তবে স্বস্তির বিষয় হলো, মাঠ থেকে বের হওয়ার সময় তাকে স্বাভাবিকভাবেই হেঁটে টানেলের দিকে যেতে দেখা গেছে।

​ম্যাচ শেষে মিয়ামি কোচ গুইলার্মো হোয়োস ভক্তদের আশ্বস্ত করে জানান, এটি বড় কোনো ইনজুরি নয়, কেবলই ক্লান্তি। বৃষ্টির কারণে মাঠ ভারী থাকায় কোনো ধরনের ঝুঁকি না নিতেই সতর্কতাস্বরূপ মেসিকে তুলে নেওয়া হয়েছে বলে জানান কোচ।

২০২৩ সালে মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকেই ঠাসা সূচির কারণে মেসির খেলার চাপ নিয়মিত নিয়ন্ত্রণ করা হচ্ছে। অতীতে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে বেশ কয়েকবার মাঠের বাইরে কাটাতে হওয়ায় এবারও কোনো ঝুঁকি নেয়নি ক্লাব কর্তৃপক্ষ।

​আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে পর্দা উঠছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। শিরোপা ধরে রাখার মিশনে ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। পুরো ফুটবলবিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছে মেসির রেকর্ড-স্পর্শকারী ষষ্ঠ বিশ্বকাপ দেখার জন্য।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link