অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হচ্ছেন রিয়াদ

চলমান ডিপিএল শেষেই শুরু হতে যাচ্ছে সাইলেন্ট কিলারের এক নতুন অধ্যায়। তরুণদের পথ দেখাতে এবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মেন্টরের ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছেন এই অভিজ্ঞ ক্রিকেট তারকা।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও, ক্রিকেটের প্রতি ভালোবাসা একটুও ফুরিয়ে যায়নি মাহমুদউল্লাহ রিয়াদের। চলমান ডিপিএল শেষেই শুরু হতে যাচ্ছে সাইলেন্ট কিলারের এক নতুন অধ্যায়। তরুণদের পথ দেখাতে এবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মেন্টরের ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছেন এই অভিজ্ঞ ক্রিকেট তারকা।

​ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা। চলমান ডিপিএলে প্রাইম ব্যাংক ক্রিকেটার্সের হয়ে নিজের মিশন শেষ করার পরপরই যুব দলের ডেরায় যোগ দেবেন মাহমুদউল্লাহ।

​দায়িত্বের পরিধি নিয়ে বিসিবির এই নীতি নির্ধারক আরও জানান, রিয়াদের অভিজ্ঞতাকে তরুণদের মাঝে ছড়িয়ে দেওয়াই বোর্ডের মূল লক্ষ্য। পুরো ক্রিকেটীয় সিস্টেম নিয়ে তার সূক্ষ্ম পর্যবেক্ষণ ও পরামর্শ দেশের ভবিষ্যৎ ক্রিকেট কাঠামোকে আরও মজবুত করবে।

অন্যদিকে বিসিবির গেম ডেভেলপমেন্টের বয়সসীমা বাড়িয়ে ২৩ বছর করার নতুন পরিকল্পনা চলছ। সেই অনূর্ধ্ব-২৩ দলের তরুণদের মানসিক ও কৌশলগত বিকাশেও রিয়াদকে যুক্ত করার কথা ভাবছে বোর্ড।

প্রসঙ্গত, কোচিংয়ের এই মঞ্চে রিয়াদের আগমন কিন্তু হুট করে নয়। গত বছর সেপ্টেম্বর মাসে বিসিবির অধীনে তিন দিনের একটি বিশেষ ব্যাটিং কোর্সে অংশ নিয়েছিলেন তিনি। অস্ট্রেলীয় ক্রিকেট বিশেষজ্ঞ অ্যাশলি রস ও ইয়ান রেনশর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় সেই কোর্স।

টি-স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়াদও এ প্রসঙ্গেই কথা বলেন। তিনি বলেন, ‘আমার ক্রিকেটীয় জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে যদি দেশের এই তরুণদের সামান্যতম সাহায্যও করতে পারি, তবে একজন ক্রিকেটার হিসেবে আমার চেয়ে খুশি আর কেউ হবে না।’

মাঠের ক্রিকেটকে বিদায় জানালেও ড্রেসিংরুমের আড়ালে থেকে তিনি তৈরি করতে চান আগামীর সাকিব-তামিমদের। যুব দলের ক্রিকেটারদের মানসিক ও কৌশলগতভাবে পরিপক্ক করে তোলাই এখন তাঁর সবচেয়ে বড় মিশন। সর্বোপরি রিয়াদের এই ‘মেন্টর’ অবতার দেশের ক্রিকেটের জন্যেই আশীর্বাদ স্বরূপ।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link