ম্যাচের আগেই একদম নিখুঁতভাবে স্কোরলাইন বলে দেওয়া! এমন নজির গড়াটা কেবল লিওনেল মেসিই বোধহয় পারেন। আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৩-০ ব্যবধানে জয়ের আগে খোদ মেসিই জানিয়েছিলেন ম্যাচের ফলাফল হবে ঠিক ৩-০।
ম্যাচের পর ড্রেসিংরুমে মেসির সেই ভবিষ্যদ্বাণী ফাঁস করেছেন আর্জেন্টাইম ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফেরা রোমেরো সংবাদমাধ্যমকে জানান, দলের ভেতর আয়োজিত একটি প্রেডিকশন গেমে মেসি আত্মবিশ্বাসের সাথেই এই স্কোরটি বলেছিলেন।
রোমেরো বলেন, ‘মাঠে দেখে মনে হচ্ছিল মেসি ভবিষ্যদ্বাণী খেলায় জিততে চেয়েছিলেন। কারণ তিনি আগেই বলেছিলেন যে আমরা ৩-০ ব্যবধানে জিতব।’

কানসাস সিটি স্টেডিয়ামের এই ম্যাচে মেসি তাঁর ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক উপহার দিলেন। ১৭ মিনিটে দূরপাল্লার রকেটের মতো শটে গোল উৎসবের শুরু।
৬০ মিনিটে গোলরক্ষকের ভুল থেকে দ্বিতীয় গোল এবং ৭৬ মিনিটে ঠাণ্ডা মাথার ফিনিশিং। সব মিলিয়ে পুরো ম্যাচ জুড়েই যেন তিনি ছিলেন এক অনন্য উচ্চতায়। এই তিন গোল তাকে বিশ্বকাপের মঞ্চে ১৬ গোলের মালিক বানিয়ে পৌঁছে দিয়েছে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার উচ্চতায়।
ম্যাচ শেষে আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি শিষ্যকে নিয়ে কথা বলতে গিয়ে অনেকটা আবেগী হয়ে পড়েন। তিনি বলেন, ‘লিওকে নিয়ে কী বলব, নতুন কোন শব্দই আর অবশিষ্ট নেই। টানা ২০ বছর ধরে সে যা করে আসছে, তা অবিশ্বাস্য। তবে আজকের এই জয় আমাদের কেবল পথ দেখাচ্ছে।’

গ্রুপ ‘জে’-এর পরবর্তী মিশনে আগামী ২২ জুন অস্ট্রিয়ার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। আলজেরিয়ার বিপক্ষে মেসির সেই ভবিষ্যদ্বাণী যেভাবে সত্যি হয়েছে, তাতে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচেও নতুন কোনো জাদুকরী চমকের অপেক্ষায় এখন গোটা ফুটবলবিশ্ব।











