চার গোলে ডেনমার্ককে উড়িয়ে দিল পর্তুগাল

উয়েফা নেশনস লিগে স্বাগতিক ডেনমার্ককে ৪-২ গোলেই পরাজিত করেছে ক্রিশ্চিয়ানো রোনালদো বিহীন পর্তুগাল। কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই ছিল আক্রমণ ও পাল্টা আক্রমণের ধামাকা। 

উয়েফা নেশনস লিগে স্বাগতিক ডেনমার্ককে ৪-২ গোলেই পরাজিত করেছে ক্রিশ্চিয়ানো রোনালদো বিহীন পর্তুগাল। কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই ছিল আক্রমণ ও পাল্টা আক্রমণের ধামাকা।

পর্তুগাল মাঠের ছক সাজিয়েছিল তাদের ৪-২-৩-১ ফর্মেশনে, যেখানে গনসালো রামোসকে স্ট্রাইকে রেখে উইং-ব্যাক ও মিডফিল্ডারদের দ্রুত রূপান্তর বা ট্রানজিশন ছিল মূল হাতিয়ার। অন্যদিকে ডেনমার্ক ঘরের মাঠে ৩-৪-২-১ সিস্টেমে আক্রমণাত্মক ধাঁচে শুরু করে।

ডেনমার্কের মূল পরিকল্পনা ছিল উইং-ব্যাকদের অনেক ওপরে তুলে দিয়ে হাই প্রেসিং ফুটবল খেলা। প্রথম দিকে তারা পর্তুগালকে বিল্ড আপ প্লে তৈরিতে বাধা দিতে সক্ষম হলেও পর্তুগিজ কোচ কৌশলী চাল চালেন। পর্তুগাল উইং পজিশনে বল বেশি না রেখে দ্রুত ডাইরেক্ট পাস এবং ডেনমার্কের ব্যাক লাইনের ফাঁকা স্পেস বা হাফ স্পেস ব্যবহার করতে শুরু করে।

​ডেনমার্কের থ্রি-ম্যান ডিফেন্সের পেছনের ফাঁকা জায়গাগুলো ছিল পর্তুগালের প্রধান লক্ষ্য। ১২ মিনিটে ডেনমার্কের হাই-লাইন ডিফেন্সকে গুঁড়িয়ে দিয়ে জোয়াও ক্যান্সেলো ওভারল্যাপিং রান থেকে অসাধারণ এক ফিনিশিংয়ে পর্তুগালকে এগিয়ে নেন। পরবর্তীতে ২৩ মিনিটে মিক্কেল দামসগার্ড গোল করে ডেনমার্ককে সমতায় ফেরালেও ২৫ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের ডিফেন্স স্প্লিটিং পাস কাজে লাগিয়ে গোল পান গনসালো রামোস।

​ডেনমার্ক মূলত তাদের শারীরিক শক্তিমত্তা এবং সেট পিসের কার্যকারিতা দিয়ে লড়াইয়ে টিকে থাকে। বিরতির পর ৫৩ মিনিটে রাসমুস হয়লনের গোলে আবার ২-২ সমতা ফেরায় ডেনিসরা, যা তৈরি হয়েছিল পর্তুগিজ সেন্টার-ব্যাকদের শারীরিক চ্যালেঞ্জে হারিয়ে।

ম্যাচ যখন সমতায় তখন পর্তুগালের মিডফিল্ডার ভিতিনহা ম্যাচের গতি পরিবর্তন করে দেন। ৬৭ মিনিটে দারুণ এক হেডে গোল করে পর্তুগালকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন। এরপর কোচ ফ্রেশ লেগ হিসেবে ডিওগো দালোত ও জোয়াও ফেলিক্সকে মাঠে নামান। ৮৭ মিনিটে ক্লান্ত ডেনিশ রক্ষণের সুযোগ নিয়ে দালোতের পাস থেকে ফেলিক্সের গোলটি পর্তুগালের জয় নিশ্চিত করে।

​যদিও ডেনমার্ক ৫৪ শতাংশ বল পজিশন ধরে রেখেছিল, পর্তুগাল ছিল অনেক বেশি কার্যকর ও ধারালো। পর্তুগালের নেওয়া ১৯টি শটের মধ্যে ১১টিই ছিল টার্গেটে। ডেনমার্ক পজিশন ধরে রেখে বিল্ড-আপ করার চেষ্টা করলেও পর্তুগালের ট্রানজিশন এবং কাউন্টার-অ্যাটাকিং ফুটবলের সামনে তারা বারবার ধরাশায়ী হয়েছে। মাঝমাঠের আধিপত্য এবং ফাইনাল থার্ডে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পর্তুগিজদের ক্ষুরধার দক্ষতাই শেষ পর্যন্ত এই জয়ের মূল ব্যবধান গড়ে দেয়।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link