ইনজুরির কারণে একাদশের বাইরে ছিলেন বেশ কিছুদিনের জন্য। অবশেষে ফিরলেন। আর রোহিত শর্মার ফেরাটা হলো রাজকীয় বেশে। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ব্যাট হাতে নিজের শক্তিমত্তার প্রমাণ আরও একবার পাওয়া গেল হিটম্যানের কাছে।
এবারের আসরের প্রথম ম্যাচেই নজরকাড়া ব্যাট করেছিলেন। কলকাতা নাইট রাইডার্সকে হারানোর সেদিনে রোহিতের ব্যাট থেকে আসে ৭৮ রানের এক অপরাজেয় ইনিংস। যদিও ইনজুরিতে পড়ার আগে বাকি ম্যাচগুলো বিশেষ কিছু করতে পারেননি আর।
আগে ব্যাট করে লখনৌ সুপার জায়ান্টস ২২৮ রানের বড় সংগ্রহ গড়ে। লক্ষ্যটা বেশ বড়। তার ওপর প্রতি ম্যাচেই প্লে-অফের হিসাবনিকাশে মুম্বাইকে থাকতে হয় বেশ চিন্তায়। সেই চিন্তাটাই অনেকটা কমে গেল যখন রোহিত দারুণ শুরু এনে দিলেন।

সঙ্গী হিসেবে পেয়েছেন রায়ান রিকেলটনকে। দক্ষিণ আফ্রিকান ব্যাটারটি দলের জন্য মানানসই ইনিংস খেলা চালিয়ে গেলে রোহিতের ওপর বেশি চাপ পড়েনি। আভেশ খান, মোহাম্মদ শামিদের বিরুদ্ধে হিটম্যান তাই তো খেলতে পেরেছেন মন খুলে।
যে লক্ষ্যটা আপাতদৃষ্টিতে বড় বলে মনে হয় সেটাই সহজে অতিক্রম করার মতো হয়ে গেল মুম্বাইয়ের জন্য। কেবল রোহিতের ব্যাট হেসেছে বলেই। আউট হওয়ার আগে ৪৪ বলে ছয়টি চার আর সাতটি দৃষ্টিনন্দন ছক্কায় এই ব্যাটার সংগ্রহ করেন ৮৪ রান।
এমন কিছু ব্যাটার থাকেন যারা একদিন ২২ গজে টিকে গেলে ম্যাচের ফলাফল দলের পক্ষে না আসা পর্যন্ত থামেন না। রোহিত শর্মা তেমনই একজন। ১৪তম ওভারে যখন ২২ গজ ছেড়ে হাঁটা শুরু করেন ততক্ষণে মুম্বাই যেন জয়ের হাসি হাসা শুরু করে দিয়েছে।











