ঠিক ১৬ বছর আগে, দক্ষিণ আফ্রিকার মাটিতে এই দুই দলই বিশ্বকাপের পর্দা তুলেছিল। সেদিন সিফিওয়ে শাবালালার বজ্রপাতের মতো গোলে কেঁপে উঠেছিল গোটা আফ্রিকা। এবার সেই একই ম্যাচের পুনর্মঞ্চায়ন হবে মেক্সিকো সিটিতে।
মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকায় মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ৮৭ হাজার দর্শকের সামনে শুরু হবে ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচ। এই সেই মাঠ যেখানে দুটি বিশ্বকাপ ফাইনাল হয়েছে, যেখানে ম্যারাডোনা লিখেছিলেন ‘হ্যান্ড অব গড’-এর অধ্যায়।
স্বাগতিক মেক্সিকো নামছে দুর্দান্ত ফর্ম নিয়ে সর্বশেষ আট ম্যাচে অপরাজিত। শেষ তিন প্রস্তুতি ম্যাচে ঘানা, অস্ট্রেলিয়া ও সার্বিয়াকে উড়িয়ে দিয়েছে এল ত্রিকলর। সামনে থেকে দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ রাউল হিমেনেজ। তবে চাপও আছে, কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের ক্ষত এখনো শুকায়নি।

অন্যদিকে ১৬ বছরের বিরতি ভেঙে ফিরছে বাফানা বাফানা। বেলজিয়ান কোচ হুগো ব্রুসের হাত ধরে নাইজেরিয়াকে পেছনে ফেলে কোয়ালিফাই করেছে দক্ষিণ আফ্রিকা।
অধিনায়ক গোলকিপার রনওয়েন উইলিয়ামস, যিনি একাই ২০২৩ আফকনে কেপ ভার্দের বিপক্ষে চারটি পেনাল্টি থামিয়েছিলেন, হবেন দলের বড় ভরসা। তবে ২৬ জনের দলে ১৯ জনই দেশীয় লিগের খেলোয়াড়, বিশ্বমঞ্চের অভিজ্ঞতার ঘাটতি স্পষ্ট।
২০১০-এ শেষ হয়েছিল ১-১ ড্রতে। আজ অ্যাজটেকার উত্তাপে কি নতুন ইতিহাস লিখবে বাফানা বাফানা, নাকি ঘরের মাঠের সুবিধায় মেক্সিকোই নেবে প্রথম দিনের দাপট!











