২০২৫-২৬ মৌসুম শেষে আবারও এক কাতারে এসে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি এবং ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ৩৯ বছরের ফুটবল জাদুকরের অভিজ্ঞতা আর ২৭ বছরের তরুণের অসাধারণ নৈপুণ্য পরিসংখ্যানের পাতায় দুই প্রজন্মের শ্রেষ্ঠত্বের নতুন এক লড়াইয়ের জন্ম দিয়েছে। কিন্তু তাদের মধ্যে এগিয়ে কে?
পরিসংখ্যান বলছে, গত মৌসুমটা ছিল কিলিয়ান এমবাপ্পের জন্য দুর্দান্ত। ৬০ ম্যাচে ৫৮ গোল করে তিনি লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ এবং বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। সঙ্গে তার ১৩টি অ্যাসিস্ট আর ১৩৬টি সফল ড্রিবল জানান দিচ্ছে, তিনি কেন আগামীর বিশ্ব শাসনে প্রস্তুত।
তবে ব্যক্তিগত সাফল্য পেলেও রিয়াল মাদ্রিদ বা ফ্রান্সের হয়ে গত মৌসুমে কোনো শিরোপা জিততে না পারায় কিছুটা ব্যাকফুটে রয়েছেন ফরাসি গোল মেশিন।

বিপরীতে, ৩৯ বছর বয়সেও মেসি ২০২৫-২৬ মৌসুমে দেখিয়েছেন ফুটবলের শৈল্পিক ছন্দ। তার কাঁধে ভর করে ইন্টার মায়ামি প্রথম এমএলএস শিরোপা জিতেছে এবার। আর্জেন্টিনাকেও টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে তুলেছেন তিনি। গত মৌসুমে ৪৯ ম্যাচে তার পা থেকে এসেছে ৪৫ গোল এবং ৩০টি অ্যাসিস্ট। আর এতেই পারফরম্যান্স রেটিংয়ে তিনি ছাড়িয়ে গেছেন এমবাপ্পেকে। মেসির ৮.৫৫ রেটিংয়ের বিপরীতে এমবাপ্পের স্কোর ৭.৭৫।
বিশ্বকাপের ইতিহাসেও এই দুই মহাতারকা এখন অনন্য উচ্চতায়। জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে ২২ গোল নিয়ে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসন দখলে নিয়েছেন এমবাপ্পে। এক গোল কম নিয়ে ঠিক পেছনেই অবস্থান করছেন আর্জেন্টাইন কিংবদন্তি।
মৌসুম শেষে মেসি এখন এমএলএসে মায়ামির রাজত্ব ধরে রাখার প্রস্তুতি নিচ্ছেন। আর এমবাপ্পে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার মিশনে নামছেন রিয়ালে হোসে মরিনহো আর জাতীয় দলে জিনেদিন জিদানের অধীনে। শ্রেষ্ঠত্বের এই দ্বৈরথ কি আরও কোনো নতুন মোড় নেবে? সময়ই দেবে জবাব।











