২০২৪ সালে জার্মান তারকা টনি ক্রুসের বিদায়ের পর থেকেই রিয়াল মাদ্রিদের মধ্যমাঠ খেই হারিয়েছে। বলের নিয়ন্ত্রণ, কার্যকর আক্রমণ গড়া এবং সংকটের মুহূর্তে ইন্টারসেপশন করার মতো দক্ষ মিডফিল্ডারের অভাবে সান্তিয়াগো বার্নাব্যুর ট্রফি ক্যাবিনেট দুই বছর ধরে শূন্য।
কিন্তু, ২০২৬ বিশ্বকাপ সব হিসেব বদলে দিল। স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের মহানায়ক রড্রি হার্নান্দেজের দিকে এখন নজর বিশ্বের সেরা ক্লাবটির। বিশ্বকাপের গোল্ডেন বল জেতা রদ্রির ট্রফি কেস এখন কানায় কানায় পূর্ণ।
ইউরো, চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, ব্যালন ডি’অরের পর বিশ্বকাপেও মাঠ মাতিয়েছেন রড্রি। মাঝমাঠের নিয়ন্ত্রণ আর বল পজেশনের যে প্রদর্শনী তিনি এবার দেখিয়েছেন, তা ফুটবল বিশ্বকে স্তম্ভিত করেছে। তার এই অতিমানবীয় পারফরম্যান্সই রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের মন জয় করে নিয়েছে।

শুরুতে রড্রিকে নিয়ে অনাগ্রহী থাকলেও পেরেজ এখন তাকে ঘিরেই নতুন স্বপ্ন দেখছেন। সাফল্যের বাইরে থাকতে অপছন্দ করা পেরেজ দলের হাল ধরতে ফিরিয়ে এনেছেন ‘স্পেশাল ওয়ান’ হোসে মরিনহোকে। এরই ধারাবাহিকতায়, মাদ্রিদিস্তাদের মধ্যমাঠকে শক্তিশালী করতে ম্যানচেস্টার সিটি থেকে রদ্রিকে বার্নাব্যুতে আনতে চাইছেন তিনি।
রিয়ালের গ্যালাকটিকো সংস্কৃতির অংশ হিসেবেও রদ্রিকে কেনার বিষয় বিবেচনা করছেন পেরেজ। এই ঐতিহ্যের অংশ হিসেবে প্রতিটি বিশ্বকাপের সেরা খেলোয়াড়দের দলে ভেড়াতো রিয়াল।
২০০২ সালে রোনালদো নাজারিও, ২০০৬ সালে ফ্যাবিও ক্যানাভারো, ২০১০ সালে মেসুত ওজিল, ২০১৪ সালে হামেস রদ্রিগেজ এবং ২০১৮ সালে গোল্ডেন গ্লাভস জয়ী থিবো কোর্তোয়ার মতো বিশ্বকাপ মাতানো তারকাদের সান্তিয়াগো বার্নাব্যুতে এনে রিয়াল নিজেদের আভিজাত্য জাহির করেছিল।

তবে ২০২২ সালে সেই ঐতিহ্যের দিকে তাকায়নি রিয়াল। ফলে ২০২৪ সালে ক্রুস মাদ্রিদ ছেড়ে যাওয়ার পর ক্লাবটির মধ্যমাঠ জৌলুস হারিয়েছে অনেকটা। আক্রমণে কিলিয়ান এমবাপ্পে এলেও দুই বছর ধরে শিরোপা খরায় ভুগছে লস ব্ল্যাঙ্কোসরা। তাই এবার ৫০ মিলিয়ন ইউরোর বেশি অর্থের বিনিময়ে রদ্রিকে দলে ভিড়িয়ে শিরোপা জেতার পথ সুগম করতে চান পেরেজ।
চলতি ট্রান্সফার উইন্ডোতে তিনি ইতিমধ্যেই দলে ভিড়িয়েছেন মার্ক কুকুরেয়া, বার্নার্ডো সিলভা আর বিস্ময়বালক ইয়ান ডিওমান্দির মতো তারকাদের। কিন্তু মাঝমাঠকে একেবারে গুছিয়ে নিতে রদ্রির ওপর বাজি ধরতে চান পেরেজ। রড্রি কি তাহলে সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে পেরেজের স্বপ্ন সত্যি করবেন?










