বিশ্বকাপের মঞ্চে কখনও মুখোমুখি দাঁড়িয়ে যায় দুই প্রজন্মও। শেষ ষোলোর আসন্ন স্পেন-পর্তুগাল ম্যাচেও ঘটতে যাচ্ছে তেমনটিই। এক পাশে ১৮ বছরের বিস্ময়বালক লামিন ইয়ামাল, অন্য পাশে ৪১ বছরের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। এ যেন ভবিষ্যৎ আর ইতিহাসের এক অনন্য দ্বৈরথ।
মাত্র ১৬ বছর বয়সেই স্পেনের জার্সিতে অভিষেকের পর একের পর এক রেকর্ড গড়েছেন ইয়ামাল। দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার ও গোলদাতা হওয়ার পর তিনি স্পেনকে জেতান ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ।
সেই আসরে টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জেতার পাশাপাশি এক গোল ও চার অ্যাসিস্টে ইউরোর ইতিহাসেও নিজের নাম লিখিয়েছেন। এরপর বার্সেলোনার হয়ে টানা দুটি লা লিগা শিরোপা, দুই মৌসুমেই সর্বোচ্চ অ্যাসিস্ট এবং সর্বকনিষ্ঠ লা লিগা প্লেয়ার অব দ্য ইয়ার, সব মিলিয়ে বয়সের চেয়ে অনেক বড় এক পরিচয় গড়ে তুলেছেন তিনি।

এবার প্রথম বিশ্বকাপ খেলছেন ইয়ামাল। চার ম্যাচে এক গোল করা এই উইঙ্গারের সামনে এখন স্পেনকে ২০১০ সালের পর প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন করার স্বপ্ন।
অন্য প্রান্তে দাঁড়িয়ে আছেন রোনালদো, যার ক্যারিয়ারই যেন আধুনিক ফুটবলের এক জীবন্ত ইতিহাস। ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে বিশ্বকাপের নকআউটে সবচেয়ে বেশি বয়সে গোলদাতার রেকর্ড গড়েছেন তিনি।
একই সঙ্গে, ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলারও পর্তুগিজ মহাতারকা। তবে, জাতীয় দলের হয়ে ২৩২ ম্যাচে ১৪৬ গোল করা রোনালদোর লক্ষ্য এখন একমাত্র অপূর্ণ স্বপ্ন বিশ্বকাপ ট্রফি।

ক্লাব ফুটবলেও তাঁর অর্জন কিংবদন্তির মর্যাদা পেয়েছে। পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, ইংল্যান্ড, স্পেন ও ইতালিতে লিগ শিরোপা, পাঁচটি ব্যালন ডি’অর রোনালদোকে বিশ্ব ফুটবলের অন্যতম মানদণ্ডে পরিণত করেছে। ২০২৫ উয়েফা নেশনস লিগের ফাইনালেও তিনি ইয়ামালের স্পেনকে হারিয়ে শিরোপা জিতেছিলেন।
এবার সেই দুই তারকা আবার মুখোমুখি। একজন নিজের উত্তরাধিকার আরও উজ্জ্বল করতে চান, অন্যজন করতে চান নতুন যুগের সূচনা। এই লড়াই শুধু স্পেন-পর্তুগালের নয়, এটি ফুটবলের দুই প্রজন্মেরও।










