ইয়াসির রাব্বি পারলেও, বাংলাদেশ পারল না আবারও!

চার বছরের নির্বাসন শেষে যখন আবার জাতীয় দলের জার্সি গায়ে জড়ালেন ইয়াসির আলী রাব্বি, তখন হয়তো নিজেও জানতেন না—এই ম্যাচেই লেখা হবে তার প্রত্যাবর্তনের সবচেয়ে বড় অধ্যায়। কিন্তু একার লড়াইয়ে শেষ পর্যন্ত দলকে জেতাতে পারলেন না তিনি।

চার বছরের নির্বাসন শেষে যখন আবার জাতীয় দলের জার্সি গায়ে জড়ালেন ইয়াসির আলী রাব্বি, তখন হয়তো নিজেও জানতেন না—এই ম্যাচেই লেখা হবে তার প্রত্যাবর্তনের সবচেয়ে বড় অধ্যায়। কিন্তু একার লড়াইয়ে শেষ পর্যন্ত দলকে জেতাতে পারলেন না তিনি।

টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্তটা শুরুতে ঠিকই মনে হচ্ছিল, নাহিদ রানার তোপে যখন একে একে ফিরছিলেন জিম্বাবুয়ের ব্যাটাররা। কিন্তু দিনশেষে ব্যাটিং ব্যর্থতাই আবার ডোবাল বাংলাদেশকে, বুলাওয়েতে প্রথম টি-টোয়েন্টিতে ৩২ রানে হারতে হলো তৌহিদ হৃদয়ের দলকে।

ব্রায়ান বেনেট আর তাদিওয়ানাশে মারুমানির ঝড়ো শুরুর পর মাঝে বেশ কয়েকবার ম্যাচে ফিরেছিল বাংলাদেশ, মূল কৃতিত্ব নাহিদ রানার। ক্যারিয়ারসেরা বোলিং ফিগার তুলে নিয়ে চার ওভারে মাত্র ছাব্বিশ রান দিয়ে চার উইকেট নেন এই পেসার। তবু শেষ দিকে রায়ান বার্ল আর ব্র্যাড ইভান্সের ব্যাটে ভর করে বিশ ওভারে ১৭০ রানের লড়াকু সংগ্রহ পায় জিম্বাবুয়ে।

১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই টালমাটাল ছিল বাংলাদেশের ইনিংস। সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়—একে একে সবাই ফিরে যান দ্রুত। ঠিক তখনই ক্রিজে এসে দলের হাল ধরেন রাব্বি। প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হয়ে একের পর এক বাউন্ডারি বের করেন, মাঝে মাঝে ছক্কায় পাঠান বল গ্যালারিতে। মাত্র আটত্রিশ বলে অর্ধশতক তুলে নেন তিনি, যেখানে ছিল দুটি চার আর তিনটি ছক্কা। চার বছর আগে যে জায়গা থেকে ছিটকে গিয়েছিলেন, ঠিক সেই জায়গাতেই ফিরে নিজের প্রয়োজনীয়তা প্রমাণ করলেন যেন রাব্বি।

তবে চুয়ান্ন রানে রিচার্ড এনগারাভার বলে ক্যাচ দিয়ে যখন ফিরলেন তিনি, সঙ্গে সঙ্গে যেন হারিয়ে গেল বাংলাদেশের জয়ের সবটুকু আশা। নাহিদ রানার ক্যারিয়ারসেরা চার উইকেটের পরও ম্যাচ হাতছাড়া হওয়ার এই গল্পে সবচেয়ে উজ্জ্বল নামটা তবু ইয়াসির আলী রাব্বির। তার বিদায়ের পর মেহেদি হাসানের ঊনিশ রান ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি, শেষমেশ ১৯ ওভারে ১৩৮ রানেই গুটিয়ে যায় দল।

অস্ট্রেলিয়া সিরিজের পর জিম্বাবুয়েতেও একই চিত্রনাট্য—বোলাররা লড়ছেন, কিন্তু ব্যাটাররা যেন জয়ের ক্ষুধাই হারিয়ে ফেলেছেন। রাব্বির এই একার লড়াই কি তবে শুধুই একটা সান্ত্বনার গল্প হয়ে থাকবে, নাকি বাকি সিরিজে বদলাবে বাংলাদেশের ব্যাটিং চিত্র?

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link