এশিয়া কাপের ব্যর্থতা ভুলে বাংলাদেশের লক্ষ্য এবার আফগানিস্তান সিরিজ। প্রস্তুতিও চলছে বেশ আয়োজন করে। হাতে গোনা কয়েক ঘণ্টা পরেই মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। তবে প্রশ্নের জায়গাটা, ওপেনিং কম্বিনেশন কেমন হবে? ব্যাটিং অর্ডারে কোনো পরিবর্তন আসবে কি না? একাদশেই বা থাকবেন কারা?
এশিয়া কাপে বাংলাদেশের ওপেনিং পজিশনে গুরুদায়িত্ব পালন করেছিলেন সাইফ হাসান। কিছুদিন আগেও দলে জায়গা পাওয়া নিয়ে যার সংশয় ছিল তিনিই এখন দলে থাকা সবচেয়ে নির্ভরযোগ্য নাম। তবে ওপেনিংয়ে কি থাকছেন তিনি? উত্তরটা হয়তো ‘না।’
নিয়মিত অধিনায়ক লিটন দাসের ইনজুরিতে ছিটকে যাওয়া দলের জন্য দুশ্চিন্তা ছিল বটে। সেই সাথে ফর্মহীনতার চূড়ায় আছেন তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। একারণে টপ অর্ডারের জন্য সৌম্যকে ফেরানো হয়েছিল। তবে ভিসা জটিলতায় প্রথম ম্যাচে তাঁকে পাওয়াটা দুষ্কর।

তাই তো কোন উপায়ন্তর না পেয়েই তামিম-ইমনকে দিয়েই ইনিংসের সূচনা করতে হতে পারে। সেক্ষেত্রে সাইফের ঠিকানা হতে পারে তিন নম্বরের গুরুত্বপূর্ণ পজিশন।
ব্যর্থতার বলয়ে আটকে আছেন তাওহীদ হৃদয়ও। তবে তাঁকে ছাড়া বিকল্প নাম নেই দলে। তাই তো মিডল অর্ডারের দায়িত্বে তিনিই থাকবেন। সাথে শামীম পাটোয়ারি এবং জাকের আলীরাও তো আছেনই।
স্পিন ডিপার্টমেন্ট সামলানোর দায়িত্বে নাসুম আহমেদ। এশিয়া কাপেও আফগানদের বিপক্ষে জয়ের নায়ক ছিলেন তিনি। সেই সাথে প্রতিপক্ষ শিবিরে ডানহাতি ব্যাটারের আধিক্য থাকায় নাসুমই দলের প্রথম পছন্দ। তাঁর সঙ্গী হিসেবে থাকবেন রিশাদ হোসেন।

পেস ইউনিটে যথারীতি তিন পেসার পন্থায় হাটবে বাংলাদেশ দল। সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমানকে সামনে রেখেই সাজানো হবে পরিকল্পনা। তাঁর সাথে জুটি হিসেবে থাকবেন তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব।
সব মিলিয়ে বাংলাদেশের সম্ভাব্য একাদশ দাঁড়াচ্ছেঃ তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।
Share via:











