১২ ইনিংসের পাঁচটিই সেঞ্চুরি। শুভমান গিল যেন ছুটছেন উড়ন্ত ইউনিকর্ন হয়ে। তার হাতে থাকা কাঠের টুকরোর আঘাতে তিনি ইতিহাসের নতুন সব অধ্যায়ের রচনা করছেন। ভারতের টেস্ট ক্রিকেটকে দেখাচ্ছেন নতুন দিনের উষার আলো।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লি টেস্টের দ্বিতীয় দিন তিন অংকের সেই ম্যাজিক্যাল ফিগার ছুঁয়ে দেখেছেন শুভমান গিল। এ নিয়ে ক্যারিয়ারের দশম টেস্ট সেঞ্চুরি তুলে ফেলেছেন তিনি। যার মধ্যে পাঁচটাই এসেছে চলতি বছরে। এমনকি ভারতীয় অধিনায়ক হিসেবে দ্বিতীয় দ্রুততম সময়ে তিনি পাঁচটি সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েছেন।
তার উপরে ভারতীয় অধিনায়ক হিসেবে রয়েছেন স্রেফ সুনীল গাভাস্কার। দশ ইনিংসের মধ্যেই তিনি পাঁচটি শতক যুক্ত করেছিলেন তার নামের পাশে। যে কাজটা করতে বিরাট কোহলির প্রয়োজন হয়েছিল ১৮টি ইনিংস। শুধু কি তাই, গোটা পৃথিবীর মধ্যে শুভমান গিল এখন তৃতীয় অধিনায়ক হিসেবে দ্রুততম সময়ে পাঁচটি শতকের রেকর্ড গড়েছেন। ইংল্যান্ডের কিংবদন্তি অধিনায়ক অ্যালিস্টার কুক স্রেফ ৯ ইনিংসেই পাঁচটি সেঞ্চুরি করে ফেলেছিলেন।

চলতি বছরে টেস্ট ক্রিকেটে তিনি রয়েছেন দূর্দান্ত ফর্মে। এক পঞ্জিকাবর্ষে ভারতের হয়ে পাঁচটি সেঞ্চুরি করা তিনি দ্বিতীয় ব্যাটার। পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারকে। বিরাট কোহলির মত তারকা ব্যাটারদের চাইতেও দ্রুততম সময়ে এই কীর্তি গড়েছেন শুভমান। এক পঞ্জিকাবর্ষে বিরাটের পাঁচটি সেঞ্চুরি করতে লেগেছিল ১৬ ইনিংস। সেখানে ১২ ইনিংসেই শুভমানের পাঁচ সেঞ্চুরি।
১৯৯৭ সালে শচীন টেন্ডুলকার স্রেফ চারটি সেঞ্চুরি করতে পেরেছিলেন ১৭ ইনিংস খেলার পর। এখানেই শেষ নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে ভারতের পক্ষে এখন সর্বোচ্চ রানের মালিক শুভমান গিল। তিনি পেছনে ফেলেছেন ঋষাভ পান্তকে। এমনকি সর্বোচ্চ রান সংগ্রাকদের তালিকায় তিনি সেরা দশে প্রবেশ করেছেন।
চলতি বছরে অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে রীতিমত যেন উড়ে বেড়াচ্ছেন শুভমান গিল। ইংল্যান্ড থেকে ২-২ ব্যবধানে টেস্ট সিরিজ ড্র করেছেন। ব্যাট হাতে প্রশংসা কুড়িয়েছেন। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ধরাশায়ী করেছে তার দল, বেশ অনায়াসে। এই ধারা চলমান থাকলে, অধরা টেস্ট চ্যাম্পিয়নশীপের শিরোপাও শোভা পাবে ভারতের অর্জনের শোকেসে। আর নানারকম রেকর্ডের পাতায় ঠাই হবে শুভমানের।












