ভারত-পাকিস্তান মহারণ, হংকং সিক্সেসের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ। তবে বৃষ্টি এসে উত্তেজনার তেজ কিছুটা কমালে জয়ী দল হিসেবে ওঠে ভারতের নাম। বৃষ্টি আইনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে দুই রানে হারায় তারা।
টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। রবিন উথাপ্পারের সাথে ইনিংসের গোড়াপত্তনে নামেন ভরত চিপলি। ওপেনিং জুটি যখন ভাঙে স্কোরবোর্ডে তখন দুই ২.৩ ওভারে ৪২ রান। ১১ বলে ২৮ রান করে উথাপ্পা সাজঘরে যান। স্টুয়ার্ড বিনি ব্যর্থ হলে পরপর উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারত।
চিপলি ১৩ বলে ২৪ করে ইনিংসের যবনিকা পতন ঘটান। শেষ দিকে দীনেশ কার্তিকের ব্যাটে কিছুটা স্বস্তি ফেরে ভারত শিবিরে। কার্তিক ব্যাট হাতে খেলেন ছয় বলে ১৭ রানের টর্নেডো ইনিংস। ছয় ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় ৮৬ রান। বল হাতে পাকিস্তানের হয়ে দুই উইকেট শিকার করেন আব্বাস আফ্রিদি।

জবাবে ব্যাট করতে নেমে দূরন্ত শুরু পায় পাকিস্তান। ব্যক্তিগত সাত রানে মাজ সাদাকাত ফিরে গেলেও খাজা নাফে থাকেন অবিচল। তাঁর সাথে যোগ দেন আব্দুল সামাদ। তিন ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় এক উইকেট হারিয়ে ৪১ রান।
খাজা নাফের ব্যাটে তখন নয় বলে ১৮ রান, আব্দুল সামাদ যেন আরও এক কাঠি সরেশ। ছয় বলে ১৬ রান করেই জয়ের দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলকে। তবে বাধ সাধলো বৃষ্টি।
দীর্ঘক্ষণ অপেক্ষার পর যখন ম্যাচ মাঠে গড়াল না, বৃষ্টি আইনে নির্ধারণ করা হলো ম্যাচের ফলাফল। যেখানে দুই রানের ব্যবধানেই জয়ের হাসি হাসল ভারতই। এ যাত্রায় পাকিস্তান দল নিজেদের ভাগ্যকেই কেবল দুষতে পারে।












