কালিমা মোচনের পথে রাজশাহী ওয়ারিয়ার্স

রাজশাহী ওয়ারিয়ার্স নিলামের আগেই সরাসরি সাইনিংয়ে নিজেদের টপ অর্ডারকে করেছে মজবুত। আপাতত রাজশাহীর উপর লেগে থাকা কালিমা মোচনের পথেই রয়েছে রাজশাহী ওয়ারিয়ার্স। 

গত বাংলাদেশ প্রিমিয়ার লিগে সবচেয়ে কলুষিত দল ছিল দুর্বার রাজশাহী। হোটেল বকেয়া, খেলোয়াড়দের পাওনা নিয়ে টালবাহানা, ফিক্সিংয়ের কলুষিত অভিযোগ আর মাঠের পারফরমেন্সে অসহায় আত্মসমর্পণ। সবকিছু মিলিয়ে বেজায় বাজে দুর্নাম ছড়িয়েছিল গেলবারের ফ্রাঞ্চাইজিটি। তবে এবার বদল এসেছে মালিকানায়, পরিবর্তন এসেছে নামেও। নতুন ফ্রাইঞ্চাইজি দল গোছানোর ক্ষেত্রে বেশ সতর্ক।

নাবিল গ্রুপের কাঁধে উঠেছে রাজশাহী ওয়ারিয়র্সের দায়িত্ব। তাদের উপর চাপটাও বাড়তি। কেননা আগের আসরের সকল কালিমা মুছে ফেলে, একেবারে স্বচ্ছ একটা দলের প্রতিমূর্তি হয়ে উঠতে হবে। সে জন্য অবশ্য মাঠে পারফরম করা বেশ গুরুত্বপূর্ণ। সে জন্য চাই পছন্দের খেলোয়াড়, পাশাপাশি কার্যকর খেলোয়াড়।

তবে রাজশাহী ওয়ারিয়ার্স নিলামের আগেই সরাসরি সাইনিংয়ে নিজেদের টপ অর্ডারকে করেছে মজবুত। তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমকে দলে ভিড়িয়েছে তারা বেশ চমকপ্রদ মূল্যে। এছাড়াও পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহানের অন্তর্ভুক্তির বিষয়টিও তারা নিশ্চিত করেছে। পাশাপাশি দলকে নেতৃত্ব দেওয়ার জন্য নাজমুল হোসেন শান্তর মত পরীক্ষিত খেলোয়াড়কে ওয়ারিয়ার্স পতাকাতলে এনেছে ফ্রাঞ্চাইজিটি।

এখানেই শেষ নয়। রাজশাহীকে ঘিরে একঝাক বিদেশি তারকা খেলোয়াড়দের নাম ঘুরপাক খাচ্ছে। এদের মধ্যে অন্যতম হলেন, শ্রীলঙ্কার মারকুটে ওপেনার পাথুম নিসাঙ্কা। বেশ কিছু সূত্র মতে পাথুমের সাথে আলাপ-আলোচনা চলমান। প্রায় একই অগ্রগতি আরেক লঙ্কান দুনীথ ওয়েলালাগের সাথেও।

রাজশাহীকে ঘিরে ওঠা নানা গুঞ্জন একটা বার্তা দিচ্ছে- দলটা নিজেদের ব্যাটিং ডিপার্টমেন্টকে রাখতে চায় সবচেয়ে শক্তিশালী। যেহেতু বাংলাদেশের অধিকাংশ উইকেটেই বোলারদের জন্য টুকটাক সহয়তা থাকে এবং ব্যাটারদের জন্য ব্যাটিং বেশ চ্যালেঞ্জিং, সেহেতু পরীক্ষিত ও কার্যকর ব্যাটারদের প্রাপ্তি আগেভাগেই নিশ্চিত করে ফেলতে চায় রাজশাহী ওয়ারিয়ার্স।

বিদেশিদের গুঞ্জনের মাঝে অবশ্য স্বদেশী মোহাম্মদ সাইফউদ্দিনকেও রাজশাহী নিজেদের ডেরায় যুক্ত করতে চায়- এমন একটা সম্ভাবনাও সৃষ্টি হয়েছে। তবে দলের প্রধান কোচ হিসেবে হান্নান সরকারের সাথে চুক্তি সাক্ষরিত হয়ে গেছে ফ্রাঞ্চাইজিটির। তার পরামর্শেই বরং দল গোছানোর কাজটা চালিয়ে যাচ্ছে নাবিল গ্রুপ।

শুধু নামের ভারে খেলোয়াড়দের দলে ভেড়ালেই হবে না। খেলোয়াড়দের সেই ভারিক্কির সাথে তাল মেলাতেও হবে। সে কাজটা কতটুকু সামাল দিতে পারবে নতুন ফ্রাঞ্চাইজি, সেটা বরং সময়ই বলে দেবে। তবে আপাতত রাজশাহীর উপর লেগে থাকা কালিমা মোচনের পথেই রয়েছে রাজশাহী ওয়ারিয়ার্স।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link